টি ২০ বিশ্বকাপে আফগানিস্তানকে হারিয়ে শেষ চারের আশা জিইয়ে রাখল অস্ট্রেলিয়া, বিদায় শ্রীলঙ্কার
টি ২০ বিশ্বকাপে অ্যাডিলেডে আফগানিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে সেমিফাইনালে ওঠার আশা জিইয়ে রাখল অস্ট্রেলিয়া। অজিদের জয়ে চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল শ্রীলঙ্কার। কাল দাসুন শনাকার দলের দিকে অবশ্য তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়াকে। ইংল্যান্ডকে যদি শ্রীলঙ্কা হারাতে পারে, তবেই শেষ চারে যাবে অজিরা। ইংল্যান্ড জিতলেই ছিটকে যাবে বিশ্বচ্যাম্পিয়নরা।

ফিঞ্চ খেলতে পারেননি
আজ আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে ধাক্কা খায় অস্ট্রেলিয়া। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে খেলতে পারেননি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। যদিও তাঁকে দেখে মনে হয়েছে সেমিফাইনালে অজিরা পৌঁছে গেলে তিনি খেলতে পারবেন। সতীর্থদের জন্য প্রয়োজনীয় জিনিস নিয়ে ওভারের মাঝে দৌড়েই মাঠে ঢুকতে ও বেরোতে দেখা গিয়েছে ফিঞ্চকে। টিম ডেভিডও চোটের কারণে খেলতে পারেননি। অস্ট্রেলিয়ার একাদশে এদিন রাখা হয়নি মিচেল স্টার্ককেও।
ম্যাক্সওয়েল ঝড়ে অস্ট্রেলিয়া লড়াইয়ে
টস জিতে আফগানিস্তান ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়াকে। নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়া তোলে ৮ উইকেটে ১৬৮ রান। ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩২ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনিই ম্যাচের সেরা। মিচেল মার্শ ৩০ বলে ৪৫ ও মার্কাস স্টইনিস ২১ বলে ২৫ রান করেন। ১৮ বলে ২৫ রান করেন ডেভিড ওয়ার্নার। ক্যামেরন গ্রিন ৩, স্টিভ স্মিথ ৪, এই ম্যাচে অজি অধিনায়ক ম্যাথু ওয়েড ৬ রান করেন। প্যাট কামিন্স ১ ও কেন রিচার্ডসন শূন্য রানে আউট হন। নবীন উল হক ৪ ওভারে ২১ রানে তিনটি, ফজলহক ফারুকি ৪ ওভারে ২৯ রান খরচ করে দুটি উইকেট দখল করেন। মুজিব উর রহমান ৪ ওভারে ৪২ রান দিয়ে এবং রশিদ খান ৪ ওভারে ২৯ রান দিয়ে একটি করে উইকেট পেয়েছেন।
বিধ্বংসী রশিদ, ৪ রানে হার আফগানদের
জবাবে আফগানিস্তান ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে। তিনটি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৩ বলে ৩৯ রান করেন গুলাবদিন। দুটি করে চার ও ছয়ের সাহায্যে ১৭ বলে ৩০ রান করেন রহমানুল্লাহ গুরবাজ। ৯৯ রানে পঞ্চম ও ১০৩ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর রশিদ খান ও দারউইশ রসুলি ঝোড়ো ব্যাটিং চালাতে থাকেন। ১৮তম ওভারে কেন রিচার্ডসন ১৬ ও ১৯তম ওভারে জশ হ্যাজলউড ১১ রান দেন। শেষ ওভারে জেতার জন্য আফগানদের দরকার ছিল ২২ রান। তবে রশিদের বিধ্বংসী ইনিংসেও জয় নিশ্চিত হয়নি আফগানদের। তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে ২৩ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন রশিদ খান।
জিতেই স্বস্তি নেই
অ্যাডাম জাম্পা ৪ ওভারে ২২ রানের বিনিময়ে দুটি উইকেট নেন। জশ হ্যাজলউড ৪ ওভারে ৩৩ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। কেন রিচার্ডসনকে অজিরা নিয়েছিল মিচেল স্টার্কের জায়গায়। তিনি একটি উইকেট পেলেও ৪ ওভারে ৪৮ রান খরচ করেন। অস্ট্রেলিয়া এই ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এলো। তবে নেট রান রেটে পিছিয়ে ইংল্যান্ডের চেয়ে। ফলে কাল ইংল্যান্ড যদি শ্রীলঙ্কার কাছে হারে বা বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি হয় তবেই শেষ চারে যেতে পারবে বিশ্বচ্যাম্পিয়নরা।












Click it and Unblock the Notifications