T20 WC 2024: ধোনির রেকর্ড ভাঙলেন রোহিত, বিশ্বকাপের বোধনেই একগুচ্ছ নজির গড়লেন হিটম্যান
রোহিত শর্মা মানেই রেকর্ডের রাজা। আর আইসিসি টুর্নামেন্টে নামলেই হিটম্যানের রেকর্ড আরও উজ্জ্বল হয়ে উঠে। বুধবার টি২০ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল জয়ের মধ্যেই একগুচ্ছ রেকর্ড গড়লেন রোহিত। টপকে গেলেন মহেন্দ্র সিং ধোনিকে। পাশাপাশি এদিনের ম্যাচে একাধিক নজির গড়েছেন রোহিত। সদ্য শেষ হওয়া আইপিএলে ব্যাট ধারাবাহিকতা দেখাতে পারেননি রোহিত। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচেই ফর্মে ফিরেছেন তিনি।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় পাওয়ার পরই টি২০ ফর্ম্যাটে ভারতের সফলতম অধিনায়ক হয়ে গেলেন রোহিত শর্মা। ভারতের অধিনায়ক হিসেবে ৪২-তম ম্যাচে জয় পেলেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে একটি ম্যাচে সুপার ওভারে জয় পায় ভারত। ৫৫ ম্যাচের মধ্যেই ৪২টিতে ভারতকে জয় এনে দিলেন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ৪১টি টি-২০ ম্যাচ(৭৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে) জিতেছিল ভারতীয় দল।

রোহিত শর্মার নামের সঙ্গে জড়িয়ে গিয়েছে ছক্কার রেকর্ড। টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেও যার ব্যতিক্রম হল না। প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাট (টেস্ট,ওয়ানডে এবং টি২০) মিলিয়ে ৬০০টি ছক্কা মারার অনন্য নজির গড়লেন রোহিত শর্মা।
রোহিত শর্মা পেরিয়ে গেলেন টি২০ আন্তর্জাতিকে চার হাজার রানের মাইলফলক। এই তালিকায় বিরাট কোহলি (৪০৩৭) এবং বাবর আজমের (৪০২৩) পর তৃতীয় ব্যক্তি হিসেবে নাম লেখালেন রোহিত শর্মা। টি-২০ বিশ্বকাপে ১০০০ রান করার নজির গড়লেন হিটম্যান। বিরাটের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়লেন। এই তালিকাতে এছাড়াও রয়েছেন বিরাট কোহলি এবং মাহেলা জয়াবর্ধনে।
একতরফা ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। ব্যাটে-বলে দাপট দেখিয়ে জয় পেয়েছে ভারতীয় দল। কিন্তু জয়ের আনন্দের কাঁটা হল অধিনায়ক রোহিত শর্মার কাঁধের চোট। ইনিংসের ৮.২ ওভারে জোশুয়া লিটলের একটি শর্ট লেন্থ বল রোহিতের কাঁধে বল লাগে। সেই সময় কিছু বোঝা যায়নি। কিছু সময় ব্যাটও করেন রোহিত। কিন্তু তার পরেই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছে তাঁকে।
যদিও পাকিস্তান ম্যাচে তাঁৱ খেলা নিয়ে কোনও সংশয় নেই। আগামী রবিবার পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।












Click it and Unblock the Notifications