Urvil Patel: পন্থের কীর্তি ভাঙলেন উরবিল! টি২০-তে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরান আইপিএল নিলামে অবিক্রিতর
Fastest T20 Century: আইপিএল নিলামে দল পাননি। তারপরই বিধ্বংসী ব্যাটিং করে ঋষভ পন্থের কীর্তি চূর্ণ করলেন উরবিল প্যাটেল।
এমন কাণ্ড ঘটালেন যা ক্রিস গেইলও পারেননি! অল্পের জন্য ছুঁতে পারলেন না বিশ্বরেকর্ড। তবে টি২০ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরান হাঁকানোর রেকর্ডটি নিজের দখলে নিলেন উরবিল।

ইন্দোরে গুজরাত সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচ খেলতে নেমেছিল ত্রিপুরার বিরুদ্ধে। উরবিলের রেকর্ড গড়া ইনিংসের সৌজন্যে জয় পেল ৫৮ বল বাকি থাকতে ৮ উইকেটে। ত্রিপুরা ৮ উইকেটে ১৫৫ রান তুলেছিল। উরবিল ওপেন করতে নেমে একাই অপরাজিত থাকলেন ১১৩ রানে।
গুজরাতের উইকেটকিপার-ব্যাটার উরবিলের জন্ম বরোদায়। ২০১৮ সালে তাঁর টি২০ ও ৫০ ওভারের ক্রিকেটে অভিষেক হয় বরোদার হয়েই। পরে চলে যান গুজরাতে। আইপিএলে গুজরাত টাইটান্স দলে থাকলেও একটি ম্যাচেও সুযোগ পাননি বছর ছাব্বিশের উরবিল।
আজ ওপেন করতে নেমে উরবিল খেললেন ৩৫ বলে ১১৩ রানের ইনিংস। মেরেছেন সাতটি চার ও ১২টি ছয়। ১০.২ ওভারেই ২ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলে ফেলে অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন গুজরাত। উরবিল শতরান পূর্ণ করেন ২৮ বলে।
টি২০-তে দ্রুততম শতরানের রেকর্ডটি রয়েছে এস্তোনিয়ার সাহিল চৌহানের। তিনি চলতি বছরেই সাইপ্রাসের বিরুদ্ধে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন ২৭ বলে। এক বলের জন্য সাহিলকে ছুঁতে পারলেন না উরবিল। ২০১৩ সালে আরসিবির হয়ে পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিরুদ্ধে ক্রিস গেইল শতরান পূর্ণ করেছিলেন ৩০ বলে।
ভারতীয়দের মধ্যে এতদিন অবধি দ্রুততম টি২০ শতরানের রেকর্ডটি ছিল ঋষভ পন্থের দখলে। তিনি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেই ২০১৮ সালে দিল্লির হয়ে হিমাচল প্রদেশের বিরুদ্ধে ৩২ বলে শতরান পূর্ণ করেছিলেন। সেই কীর্তি ভেঙে দিলেন উরবিল। তাঁকে ২০২৩ সালের আইপিএলের জন্য ২০ লক্ষ টাকায় কিনেছিল গুজরাত টাইটান্স।
এবারের আইপিএলে অবিক্রিত থেকে যান উরবিল। ৪৪তম টি২০ ম্যাচে কেরিয়ারের প্রথম টি২০ শতরান পেলেন উরবিল। এর আগে চারটি হাফ সেঞ্চুরি রয়েছে। ৫০ ওভারের ক্রিকেটে তাঁর ২টি শতরান রয়েছে, অর্ধশতরান ১টি।












Click it and Unblock the Notifications