Syed Mushtaq Ali Trophy: তিলকের নজিরেও বাংলার কাছে হার হায়দরাবাদের, শামির তিন উইকেট
Syed Mushtaq Ali Trophy: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিল বাংলা। রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে পাঞ্জাবকে পরাস্ত করার পর আজ জয় এলো হায়দরাবাদের বিরুদ্ধে।
তিলক বর্মা নজির গড়েই চলেছেন। তবে তাঁর নেতৃত্বাধীন দলকে আজ সব বিভাগেই পরাস্ত করল সুদীপ ঘরামির নেতৃত্বাধীন বাংলা। মহম্মদ শামি নিলেন তিন উইকেট।

বাংলা টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিল। পাঞ্জাবের বিরুদ্ধে বাংলা ১০ রানে চার উইকেট খুইয়েও দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল। আজ প্রথমে ব্যাট করে হায়দরাবাদ তোলে ১৮.৩ ওভারে ১৩৭ রান। তিনে নেমে তিলক করেন ৪৪ বলে ৫৭ রান। পাঁচটি চার ও ১টি ছয়ের সাহায্যে।
দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে তিলক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিকে ১০৭ ও ১২০ রানে অপরাজিত ছিলেন। সৈয়দ মুস্তাক আলিতে তিনি মেঘালয়ের বিরুদ্ধে করেন ১৫১। টানা তিনটি টি২০ শতরানে এমনিতেই নজির হয়েছিল।
আজও হাফ সেঞ্চুরি করলেন তিলক। ফলে টানা চারটি ম্যাচে তিনি অন্তত পঞ্চাশ পার করলেন, যার মধ্যে টানা তিনটি শতরান। চারে নামা বুদ্ধি রাহুল করেন ৩০। হায়দরাবাদের দুই ওপেনারকেই ফেরান শামি। প্রথম ওভারের পঞ্চম বলে এবং তারপর তৃতীয় ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে গিয়ে তৃতীয় বলেই।
বোলিং ওপেন করে শামি ৩.৩ ওভারে ২১ রান দিয়ে তিন উইকেট নিলেন। শামির পারফরম্যান্স, ফিটনেস যাচাই করা হচ্ছে। এর উপর নির্ভর করবে তাঁর অস্ট্রেলিয়া সফরে যাওয়া। পাঞ্জাব ম্যাচে হতাশ করলেও আজ চেনা ছন্দে পাওয়া গেল আইপিএল নিলামে ১০ কোটি দর পাওয়া শামিকে।
করণ লাল ৪ ওভারে ৩০ ও শাহবাজ ২ ওভারে ১৪ রান দিয়ে ২টি করে উইকেট পেলেন। ৩ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট নেন কণিষ্ক শেঠ। জবাবে খেলতে নেমে বাংলা ১৭.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়, মাত্র ২ উইকেট হারিয়ে।
অভিষেক পোড়েল ৩৯ বলে ৪১ ও করণ লাল ২৯ বলে ৪৬ রান করেন। ওপেনিং জুটিতে ওঠে ৯.৫ ওভারে ৮৪। অধিনায়ক সুদীপ ঘরামি ২১ বলে ২৩ ও শাহবাজ আহমেদ ১৮ বলে ২০ রানে অপরাজিত থাকেন। ১টি করে উইকেট পান টি রবি তেজা ও জি অনিকেতরেড্ডি। উল্লেখ্য, এদিনই শাহবাজকে দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস।












Click it and Unblock the Notifications