Syed Mushtaq Ali Trophy: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে স্বস্তিতে বাংলা, সুদীপদের দাপুটে জয়, পরাস্ত পুদুচেরি
Syed Mushtaq Ali Trophy: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে প্রথম ম্যাচে মহারাষ্ট্রের কাছে পরাস্ত হয়েছিল বাংলা। কিন্তু তারপর থেকে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিল লক্ষ্মীরতন শুক্লার প্রশিক্ষণাধীন দল।
রাজস্থানের পর আজ দাপুটে জয় এলো পুদুচেরির বিরুদ্ধে। যার ফলে এই প্রতিবেদন লেখার সময় গ্রুপ ডি-র শীর্ষস্থানে রয়েছে বাংলা।

আজ মুল্লানপুরে মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পুদুচেরি ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। নির্ধারিত ২০ ওভারে বাংলা তোলে ৩ উইকেটে ২২৫। ১০টি চার ও একটি ছয়ের সাহায্যে ওপেন করতে নামা অভিষেক পোড়েল ৫২ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন। চারটি করে চার ও ছয়ের সাহায্যে ৩৭ বলে ৬৮ করেন অধিনায়ক সুদীপ ঘরামি।
শাহবাজ আহমেদ ১০ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। তিনি চারটি চার ও তিনটি ছয় মারেন। অভিমন্যু ঈশ্বরন ১৫ বলে ২৭ ও রণজ্যোৎ খাইরা ৭ বলে ৯ রান করে আউট হন। ফাবিদ আহমেদ ২টি ও এ অরবিন্দরাজ একটি উইকেট দখল করেন।
জবাবে খেলতে নেমে ১৯.৫ ওভারে ১৬৩ রানে অল আউট হয়ে যায় পুদুচেরি। অরুণ কার্তিক সর্বাধিক ৪১ রান করেন। আকাশ দীপ ৪ ওভার হাত ঘুরিয়ে ২০ রানের বিনিময়ে নেন তিন উইকেট। ঈশান পোড়েল ৩.৫ ওভারে ২৫ রান খরচ করে তিনটি উইকেট পেয়েছেন। ইমপ্যাক্ট প্লেয়ার রবি কুমার ৩ ওভারে ২৫ রান দিয়ে ২টি এবং প্রদীপ্ত প্রামাণিক ১ উইকেট নেন।

এই জয়ের ফলে বাংলা ৩ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ ডি-র শীর্ষে রয়েছে। নেট রান রেট ০.৬৯২। শনিবার বাংলার পরবর্তী ম্যাচ মোহালিতে বিদর্ভের বিরুদ্ধে। সোমবার উত্তরাখণ্ড ও ২৫ অক্টোবর প্রতিপক্ষ ঝাড়খণ্ড। এদিকে, গ্রুপ ই-র ম্যাচে তামিলনাড়ু ১৯ বল বাকি থাকতে ৮ উইকেটে হারিয়েছে ত্রিপুরাকে। অধিনায়ক ঋদ্ধিমান সাহা ৪ ও সুদীপ চট্টোপাধ্যায় ৫ রান করেন।
(ছবি- ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল ফেসবুক)












Click it and Unblock the Notifications