টি ২০ আন্তর্জাতিকে ব্যাটারদের সিংহাসন সূর্যকুমারের দখলেই, বিশ্বকাপ শেষে লাভবান হলেন কারা?
টি ২০ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপের পর আইসিসি টি ২০ র্যাঙ্কিং প্রকাশিত হলো আজ। ব্যাটারদের তালিকার শীর্ষস্থান ধরে রাখলেন সূর্যকুমার যাদব। বোলারদের তালিকার শীর্ষে টি ২০ বিশ্বকাপে সর্বাধিক উইকেটশিকারী শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গা। অলরাউন্ডারদের তালিকার শীর্ষে বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান।

মাথায় সূর্য
টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে বিশ্বের ১ নম্বর টি ২০ ব্যাটার হয়েছিলেন সূর্য। পাঁচটি ইনিংসে তিনটি অর্ধশতরান হাঁকানোয় সূর্যর রেটিং পৌঁছে যায় ৮৬৯ পয়েন্টে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪ রানে আউট হন সূর্য। এতে তাঁর রেটিং কমে ৮৫৯ হলেও ব্যাটারদের সিংহাসন দখলেই রাখতে পেরেছেন সূর্য। টি ২০ বিশ্বকাপে ৫৯.৭৫ গড় ও ১৮৯.৬৮ স্ট্রাইক রেট রেখে ২৩৯ রান করে তৃতীয় সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছেন ভারতের এই মিডল অর্ডার ব্যাটার। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ানের রেটিং ৮৩৬ পয়েন্ট। তালিকার প্রথম দশে কোনও ভারতীয় নেই। ৬৬৩ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার ১১ নম্বরে রয়েছেন টি ২০ বিশ্বকাপে সর্বাধিক রানের মালিক বিরাট কোহলি। ১৭ নম্বরে রয়েছেন লোকেশ রাহুল, ১৮ নম্বরে রোহিত শর্মা।

লাভবান ইংল্যান্ডের ক্রিকেটাররা
ইংল্যান্ড বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে একাধিক ক্রিকেটারের। সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে ৪৭ বলে অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলে অ্যালেক্স হেলস ২২ ধাপ উঠে ১২ নম্বরে চলে এসেছেন। এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় হেলস ছিলেন দ্বিতীয় স্থানে। ৪২.৪০ গড় রেখে তিনি ২১২ রান করেন। চলতি বছরে তিনি টি ২০ আন্তর্জাতিকে ৪৩০ রান করেছেন। বিশ্বকাপ সেমিফাইনাল ও ফাইনালে চোটের কারণে খেলতে না পারলেও ডেভিড মালান রয়েছেন ছয় নম্বরে। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার রয়েছেন ১৩ নম্বরে।

ব্যাটারদের তালিকায় বাকিরা
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম সেমিফাইনালে অর্ধশতরান করায় তিন নম্বরে উঠে এসেছেন। বাংলাদেশের বিরুদ্ধে শতরান হাঁকানো দক্ষিণ আফ্রিকার রাইলে রুসো সাতে উঠে এসেছেন, আটে নেমে গিয়েছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। সূর্যকুমার, রিজওয়ান ও বাবর ছাড়াও প্রথম পাঁচে যাঁরা রয়েছেন তাঁরা হলেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে এবং দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। বাবর তিনে উঠে আসায় চারে নেমে গিয়েছেন কনওয়ে।

বোলার ও অলরাউন্ডারদের মধ্যে কে কোথায়?
বোলারদের মধ্যে ইংল্যান্ডের আদিল রশিদ পাঁচ ধাপ উঠে তিন নম্বরে চলে এসেছেন। ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে ২০ রানের বিনিময়ে ১টি ও ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ২২ রানের বিনিময়ে ২ উইকেট নেন রশিদ। মাঝের ওভারগুলিতে তাঁর কৃপণ বোলিং সুবিধা করে দেয় ইংল্যান্ডের। দুই ধাপ উঠে টি ২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটার স্যাম কারান চলে এসেছেন পাঁচে। ফাইনালে তিনি ১২ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারী হন ১৩ উইকেট দখল করে। আফগানিস্তানের রশিদ খান রয়েছেন দুই নম্বরে। ভারতের ভুবনেশ্বর কুমার ১৪, রবিচন্দ্রন অশ্বিন ২১ ও অর্শদীপ সিং ২২ নম্বরে রয়েছেন। অলরাউন্ডারদের তালিকার শীর্ষস্থান দখলে রেখেছেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। তালিকার তিন নম্বর স্থানটি দখলে রেখেছেন হার্দিক পাণ্ডিয়া।












Click it and Unblock the Notifications