সূর্যকুমার যাদব পিছনে ফেলেছেন ধোনি-রায়নাকে, আজ পারবেন ডি ভিলিয়ার্সকে টপকাতে? জানুন বিস্তারিত
সূর্যকুমার যাদব ইতিমধ্যেই পিছনে ফেলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়নাকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ লখনউয়ে নেমে তিনি টপকে যেতে পারেন এবি ডি ভিলিয়ার্সকে।
লখনউয়ে আজ টি ২০ সিরিজের মরণ-বাঁচন ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। সিরিজ জিইয়ে রাখতে আজ জিততেই হবে হার্দিক পাণ্ডিয়ার দলকে। ভারতের জয়ে বড় অবদান রাখতেই পারেন বিশ্বের ১ নম্বর টি ২০ ব্যাটার সূর্যকুমার যাদব। তাঁকে ইতিমধ্যেই তুলনা করা হচ্ছে এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে। ভারতের ৩৬০ ডিগ্রি প্লেয়ার SKY আজ রানের নিরিখে টপকে যেতে পারেন এবিডিকে।

সূর্যকুমার যাদব রাঁচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে করেছিলেন ৪৭ রান। ২০২১ সালের মার্চে টি ২০ আন্তর্জাতিকে অভিষেক হয়। ২০২২ সালে আইসিসির বিচারে বর্ষসেরা টি ২০ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। বিশ্বের টি ২০ ব্যাটারদের মধ্যে এখন এক নম্বরে রয়েছেন সূর্য। ৪৬টি টি ২০ আন্তর্জাতিকে ৪৪ ইনিংসে ৯ বার অপরাজিত থেকে ১৬২৫ রান করেছেন। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ২০২২ সালে ক্যালেন্ডার ইয়ারে ১ হাজার টি ২০ আন্তর্জাতিক রানের মাইলস্টোন টপকে যান অবলীলায়। ব্যাটিং গড ৪৬.৪২, স্ট্রাইক রেট ১৭৮.৭৬। ৩টি শতরান ও ১৩টি অর্ধশতরান রয়েছে।
মাঠের চারদিকে শট খেলতে পারেন। ভারতের ৩৬০ ডিগ্রি ব্যাটারের তকমা পাওয়া সূর্য এবার দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ৩৬০ ডিগ্রি ব্যাটারের নজির ভাঙতে চলেছেন। ইতিমধ্যেই সূর্যকুমার যাদব টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক রানের নিরিখে পিছনে ফেলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি (৮৫ ইনিংসে ১৬১৭ রান) এবং সুরেশ রায়না (৬৬ ইনিংসে ১৬০৫ রান)-কে। টি ২০ আন্তর্জাতিকে এবি ডি ভিলিয়ার্স ৭৮ ম্যাচে ৭৫ ইনিংসে ১১ বার অপরাজিত থেকে ১৬৭২ রান করেছেন। এবিডি টি ২০ আন্তর্জাতিকে একটিও শতরান পাননি, তবে ১০টি অর্ধশতরান রয়েছে। ডি ভিলিয়ার্সকে টপকাতে আর সূর্যকুমার যাদবের প্রয়োজন ৪৮ রান। যা নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজেই হয়ে যেতে পারে, হতে পারে আজও।
জিম্বাবোয়ের হ্যামিলটন মাসাকাদজা (১৬৬২ রান)-কে পেরিয়েই এবিডিকে টপকাতে পারবেন সূর্য। টি ২০ আন্তর্জাতিকে ভারতীয়দের মধ্যে তাঁর উপরে রয়েছেন বিরাট কোহলি (৪০০৮ রান), রোহিত শর্মা (৩৮৫৩ রান), লোকেশ রাহুল (২২৬৫ রান) ও শিখর ধাওয়ান (১৭৫৯ রান)। টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক রানের মালিক বিরাট কোহলি। তাঁর পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। মোট রানের নিরিখে প্রথম পাঁচে যাঁরা আছেন তাঁরা হলেন- মার্টিন গাপটিল (৩৫৩১ রান), বাবর আজম (৩৩৫৫ রান) এবং পল স্টার্লিং (৩১৮১ রান)।












Click it and Unblock the Notifications