Suryakumar Yadav: হাসিমুখে জার্মানির হাসপাতালের বেডে সূর্যকুমার যাদব! অপারেশনের পর কবে মাঠে ফিরছেন?
Suryakumar Yadav: এক মাসের মধ্যে দুবার অস্ত্রোপচার হলো সূর্যকুমার যাদবের। জার্মানিতে গতকালই তাঁর অপারেশন হয়েছে। এর আগে, দক্ষিণ আফ্রিকায় টি২০ সিরিজ চলাকালীন গোড়ালিতে চোট লেগেছিল।
গোড়ালির অস্ত্রোপচার করানোর পর বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে সূর্যর রিহ্যাব শুরু হয়েছিল। তারই মধ্যে মঙ্গলবার জার্মানিতে পৌঁছে মিউনিখের হাসপাতালে গতকাল অপারেশন সেরে ফেললেন সূর্য। তাঁর সঙ্গে আছেন স্ত্রী দেবীশা।

গ্রয়েন ইনজুরি সারাতেই সূর্যকুমারের এই অপারেশন। চিকিৎসার পরিভাষায় স্পোর্টস হার্নিয়া তাঁকে অনেকদিন ধরেই ভোগাচ্ছিল। পরিস্থিতি যাচাই করেই এনসিএ-র মেডিক্যাল টিম সূর্যকুমারকে অপারেশন করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। লোকেশ রাহুলের স্পোর্টস হার্নিয়া অপারেশন হয়েছিল ২০২২ সালে। সারতে সময় লেগেছিল চার থেকে পাঁচ সপ্তাহ।
সূর্যকুমার সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের বেডে শুয়ে হাসিমুখের ছবি পোস্ট করে লিখেছেন, শুভানুধ্যায়ীদের ধন্যবাদ। অস্ত্রোপচার হয়ে গিয়েছে। দ্রুতই ফিরছি। তবে রাহুলের সুস্থ হতে যতটা সময় লেগেছিল তার চেয়ে কিছুটা বেশি সময় লাগতে পারে সূর্যর। এমনিতে স্পোর্টস হার্নিয়া অপারেশন বড় বিষয় নয়।
অপারেশন হওয়ার পর দ্বিতীয় দিন থেকেই জগিংয়ের পরামর্শও দিয়ে থাকেন চিকিৎসকেরা। কিন্তু মাথায় রাখতে হবে সূর্যর গোড়ালির অস্ত্রোপচারজনিত রিহ্যাবের বিষয়টিও রয়েছে। সপ্তাহখানেকের মধ্যেই দেশে ফিরে আসতে পারেন সূর্য। গ্রয়েন সার্জারি সফলভাবে হয়ে যাওয়ায় ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকেই তিনি এনসিএতে রিহ্যাব শুরু করতে পারেন।
ন্যাশনাল ক্রিকেট আকাদেমির বিশেষজ্ঞরা দেখা যাচ্ছে সময়ের যথাযথ পরিমাপ করেই ক্রিকেটারদের প্রয়োজনীয় অস্ত্রোপচার বা চিকিৎসার পরামর্শ দিচ্ছেন। যার ফলে জসপ্রীত বুমরাহ, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুলদের বিশ্বকাপে খেলার ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি। জুনে টি২০ বিশ্বকাপ রয়েছে।
টি২০ আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর ব্যাটার সূর্যকুমার যাতে খেলতে পারেন সেটা সুনিশ্চিত করতেই তাঁর জন্য রুটিন তৈরি করে দেবে এনসিএ। যা সময় রয়েছে তাতে মার্চের চতুর্থ সপ্তাহে শুরু হতে চলা আইপিএলেই সূর্যকুমার যাদব মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে পারবেন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, সূর্য দক্ষিণ আফ্রিকায় টি২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দিলেও ওডিআই সিরিজের দলে ছিলেন না। চোটের কারণে তিনি খেলতে পারলেন না আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজও।
২৫ জানুয়ারি থেকে ভারতের পাঁচ টেস্টের সিরিজ রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে। সূর্য গত বছর নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেললেও আর টেস্ট দলে সুযোগ পাননি। ওডিআইয়েও তিনি আহামরি পারফরম্যান্স উপহার দিতে পারেননি। তবে টি২০ আন্তর্জাতিকে তিনি ভারতীয় দলের বড় ভরসা। ৬০টি টি২০ আন্তর্জাতিকে তাঁর নামের পাশে রয়েছে ৪টি শতরান, ১৭টি হাফ সেঞ্চুরি।












Click it and Unblock the Notifications