সূর্যকুমার যাদবের নয়া নজির! প্রথম ভারতীয় হিসেবে টি ২০ আন্তর্জাতিকে আইসিসির বিচারে বর্ষসেরা
আইসিসির বিচারে টি ২০ আন্তর্জাতিকে বর্ষসেরা ক্রিকেটার হলেন সূর্যকুমার যাদব। দৌড়ে ছিলেন সিকান্দর রাজা, স্যাম কারান ও মহম্মদ রিজওয়ান।
সূর্যকুমার যাদবের মুকুটে নয়া পালক। প্রথম ভারতীয় হিসেবে পেলেন আইসিসির বর্ষসেরা টি ২০ আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার। ২০১০ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হলেও আন্তর্জাতিক অভিষেকের জন্য অপেক্ষা করতে হয়েছিল ২০২১ পর্যন্ত। সেই SKY আন্তর্জাতিক অভিষেকের পরের বছরের পারফরম্যান্সের নিরিখেই পেয়ে গেলেন আইসিসির বিচারে ঈর্ষণীয় সম্মান।

বর্ষসেরা সূর্য
আইসিসি বর্ষসেরা টি ২০ আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার দৌড়ে সূর্যকুমার যাদবের সঙ্গে দৌড়ে ছিলেন জিম্বাবোয়ের সিকান্দর রাজা, ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের সদস্য স্যাম কারান এবং পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। কিন্তু তাঁদেরকে টেক্কা দিয়ে শেষ হাসি হাসলেন ভারতের তারকা ব্যাটার। ২০২২ সালে সূর্য ৩১টি টি ২০ আন্তর্জাতিক খেলে ১১৬৪ রান করেছেন। ব্যাটিং গড় ৪৬.৫৬, স্ট্রাইক রেট ১৮৭.৪৩।

দাপুটে পারফরম্যান্স
এই দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে একাধিক নজির গড়েছেন সূর্য। ভারতের ৩৬০ ডিগ্রি ব্যাটারকে ইতিমধ্যেই এই ফরম্যাটে বিশ্বের তারকা ও প্রাক্তন তারকাদের সঙ্গে তুলনা করা হচ্ছে। টি ২০ আন্তর্জাতিকে বিশ্বের দ্বিতীয় তথা প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ক্যালেন্ডার ইয়ারে ১ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেছেন। ৬৮টি ছক্কা হাঁকিয়েছেন। যার ধারেকাছে কেউ নেই। গত বছর টি ২০ আন্তর্জাতিকে দুটি শতরান ও ৯টি অর্ধশতরান করেছেন সূর্য।

বিশ্বের ১ নম্বর
গত টি ২০ বিশ্বকাপে তিনি ৬টি ইনিংসে ৩টি অর্ধশতরান করেছিলেন। ব্যাটিং গড় ছিল ৬০-এর কাছাকাছি, স্ট্রাইক রেট ১৮৯.৬৮। গত বছরের জুলাইয়ে তিনি নটিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৫ বলে ১১৭ করেছিলেন। ২১৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত ৩ উইকেট হারিয়েছিল ৩১ রানে। সেখান থেকে সূর্য অবিশ্বাস্য ইনিংস খেলে প্রথম টি ২০ আন্তর্জাতিক শতরান হাঁকান। সেটিকেই স্মরণীয় পারফরম্যান্স হিসেবে চিহ্নিত করেছে আইসিসি। এরপর নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাউন্ট মঙ্গানুইয়ে করেন ৫১ বলে অপরাজিত ১১১। চলতি বছর রাজকোটে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫১ বলে অপরাজিত ১১২ রানের ইনিংস খেলেছেন। এই মুহূর্তে বিশ্বের ১ নম্বর টি ২০ ব্যাটারের সিংহাসনেও রয়েছেন সূর্যকুমার।

সেরা প্রথম শতরানটিই
আইসিসির বিচারে বর্ষসেরা টি ২০ ক্রিকেটার হয়ে সূর্যকুমার বলেন, এটা একটা দারুণ অনুভূতি। ২০২২ সালটা আমার কাছে অভাবনীয় গিয়েছে। ব্যক্তিগতভাবেও বেশ কয়েকটি ইনিংস আমি উপভোগ করেছি। দেশের হয়ে প্রথম শতরানটিই আমার কাছে সবচেয়ে বেশি স্পেশ্যাল। আশা করি, আগামী দিনেও এমন ইনিংস খেলতে পারব।












Click it and Unblock the Notifications