সূর্যকুমার যাদবের দুঃস্বপ্ন অব্যাহত, চলতি সিরিজে তিনবার প্রথম বলে আউট হয়ে লজ্জার নজির
সূর্যকুমার যাদবের কাছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ দুঃস্বপ্ন হয়ে রয়ে গেল। এই সিরিজে তিনি গড়ে ফেললেন লজ্জার এক নজির। এরই সিরিজে তিনটি ম্যাচের তিনটিতেই পরপর প্রথম বলে আউট হয়ে। মুম্বই ও বিশাখাপত্তনমে সূর্য লেগ বিফোর হয়েছিলেন মিচেল স্টার্কের বলে। আজ অ্যাশটন অ্যাগারের বলে ক্লিন বোল্ড।

সূর্যকুমার যাদব ভারতের প্রথম ব্যাটার যিনি তিন ম্যাচের সিরিজের সব ম্যাচেই প্রথম বলে আউট হলেন। সতিন তেন্ডুলকর, জাহির খান, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহ ও অনিল কুম্বলে একদিনের আন্তর্জাতিকে পরপর তিনবার শূন্য রানে আউট হয়েছেন। একদিনের আন্তর্জাতিকে টানা চার ম্যাচে শূন্য রানে আউট হওয়ার রেকর্ডটি রয়েছে পাঁচজনের দখলে। লাসিথ মালিঙ্গা, ক্রেগ হোয়াইট, হেনরি ওলোঙ্গা, গালাগে বিক্রমাসিংঘে ও অগাস্টিন লগি পরপর চারবার শূন্য রানে সাজঘরে ফিরেছেন।
সূর্যকুমার যাদব আগের দুটি ম্যাচেই মিচেল স্টার্কের ইনস্যুইঙ্গার সামলাতে না পেরে লেগ বিফোর হয়েছিলেন। আজ যখন বোল্ড হয়ে ফিরছেন তখন সূর্যর মুখে ধরা পড়েছে হতাশার হাসি। শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে তাঁকে চার নম্বরের জন্য ভাবা হচ্ছিল। যদিও প্রথম দুটি ম্যাচে ব্যর্থতার পর আজ তাঁকে ব্যাটিং অর্ডারে নামিয়ে আনা হয়। আজ চারে নামেন লোকেশ রাহুল। পাঁচে অক্ষর প্যাটেল। বিরাট কোহলি আউট হলে সূর্য ব্যাট করতে নেমেছিলেন।
সুনীল গাভাসকর বলেছিলেন, টি ২০ ক্রিকেটে যে শটে ছক্কা মারা যায়, একদিনের আন্তর্জাতিকে সেই বলেই লেগ বিফোরের আশঙ্কা থাকে। ফলে ব্যাটিং কোচের সঙ্গে বেশি করে সময় কাটানোর পরামর্শ দেন সানি। আজ অবশ্য সূর্য পেসারের বলে আউট হননি, স্পিন বোলিং সামলাতে না পেরে বোল্ড হয়ে গেলেন। সূর্য বেশি একদিনের ম্যাচ খেলেননি বলে উল্লেখ করে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন হেড কোচ রাহুল দ্রাবিড়। তিনি বলেছিলেন, সূর্য এখন এই ফরম্যাটে শিখছেন। যদিও গোল্ডেন ডাকের হ্যাটট্রিক আইপিএলের আগে তাঁর আত্মবিশ্বাসে চিড় ধরাতে পারে।
ভারত ২৭০ রানের টার্গেট তাড়া করছে। রোহিত শর্মা ১৭ বলে ৩০, শুভমান গিল ৪৯ বলে ৩৭ রান করেন। ২টি চার ও একটি ছয়ের সাহায্যে এখনও অবধি সর্বাধিক ৭২ বলে ৫৪ রান করেছেন বিরাট কোহলি। লোকেশ রাহুল ৫০ বলে ৩২, অক্ষর প্যাটেল ৪ বলে ২, হার্দিক পাণ্ডিয়া ৪০ বলে ৪০ ও সূর্যকুমার শূন্য রানে সাজঘরে ফিরেছেন। শেষ পাওয়া খবরে ভারতের স্কোর ৪৫ ওভারে ৭ উইকেটে ২২৫ রান। জেতার জন্য ৩০ বলে দরকার ৪৫। রবীন্দ্র জাদেজার সঙ্গে ক্রিজে রয়েছেন কুলদীপ যাদব। অ্যাডাম জাম্পা তিনটি, অ্যাশটন অ্যাগার ২টি ও শন অ্যাবট ১টি উইকেট নিয়েছেন।












Click it and Unblock the Notifications