গঙ্গাপারের ইডেনে সূর্যের তেজে ঝলসে গেল ওয়েস্ট ইন্ডিজ, একদিনের পর টি ২০ সিরিজেও হোয়াইটওয়াশ?
সূর্যকুমার যাদব ও ভেঙ্কটেশ আইয়ারের বিস্ফোরক জুটি ভারতকে একদিনের সিরিজের পর টি ২০ সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার দিকে এগিয়ে দিল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান তুলেছে ভারত। সূর্যকুমার যাদব ইনিংসের শেষ বলে আউট হলেন ৩১ বলে ৬৫ রান করে। ১৯ বলে ৩৫ রানে অপরাজিত রইলেন ভেঙ্কটেশ আইয়ার।

কিষাণ ভরসা দিলেন
এদিনের ম্যাচেও টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড। ভারত অধিনায়ক রোহিত শর্মা ওপেনিংয়ের জায়গা ছেড়ে দেন ঋতুরাজ গায়কোয়াড়কে। তৃতীয় ওভারের তৃতীয় বলে দলের ১০ রানের মাথায় ফেরেন ঋতুরাজ গায়কোয়াড়, তিনি ৮ বলে ৪ রান করেন। ঋতুরাজকে খেলাতে আজ ওপেনারের জায়গা থেকে চারে নেমে আসেন অধিনায়ক রোহিত শর্মা। বিরাট কোহলির অনুপস্থিতিতে তাঁর জায়গায় দলে আসা কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার করেন ১৬ বলে ২৫। তাঁর ইনিংসে রয়েছে চারটি চার। শ্রেয়স আউট হন নবম ওভারের তৃতীয় বলে, দলের ৬৩ রানে। ঈশান কিষাণ ৯.৪ ওভারে ৬৬ রানের মাথায় আউট হন। তিনি করেন পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৩১ বলে ৩৪।

রোহিতের ব্যর্থতা ঢাকলেন সূর্য
রোহিত শর্মা এদিন চেনা ছন্দে ছিলেন না। ডমিনিক ড্রেকসের বলে বোল্ড হন ১৭ বলে ৭ রান করে। ১৩.৫ ওভারে ৯৩ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর ঝোড়ো গতিতে রান তুলতে থাকে সূর্যকুমার যাদব ও ভেঙ্কটেশ আইয়ারের জুটি। দুজনেরই ব্যাটিংয়ের প্রশংসা করেছেন সুনীল গাভাসকর-সহ ধারাভাষ্যকাররা। এদিন ২৭ বলে টি ২০ আন্তর্জাতিক কেরিয়ারের চতুর্থ অর্ধশতরানটি পান সূর্যকুমার যাদব। ৬.১ ওভারে সূর্য ও আইয়ারের পঞ্চম উইকেট জুটিতে উঠল ৯১ রান, এই জুটিতে ৫০ রান পূর্ণ হয়েছিল মাত্র ২৬ বলে।
|
ধারাবাহিক আইয়ার
আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন এদিন যেন সেখান থেকেই শুরু করেন ভেঙ্কটেশ আইয়ার। দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে ঋষভ পন্থের সঙ্গে ঝোড়ো ব্যাটিং করে ভেঙ্কটেশ আইয়ার দলকে পৌঁছে দিয়েছিলেন অনেকটা নিরাপদ জায়গায়। এদিনও তিনিও দারুণ সঙ্গত দিলেন সূর্যকে।এই দুই ব্যাটারের দাপটে ১৯তম ওভারে ২১ রান খরচ করে বসেন ডমিনিক ড্রেকস। শেষ ওভারেও আসে ২১ রান, এক্ষেত্রে বোলার ছিলেন রোমারিও শেফার্ড। শেষ চার ওভারে ওঠে ৬৯ রান, যা টি ২০ আন্তর্জাতিকে ভারতের দ্বিতীয় দ্রুততম। ২০০৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ডারবানে ভারত শেষ চার ওভারে তুলেছিল ৭০ রান। এদিন শেষ পাঁচ ওভারে উঠেছে ৮৬ রান। আজকের ম্যাচ জিতলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডাবল ক্লিন স্যুইপ যেমন নিশ্চিত হবে, তেমনই টি ২০ আন্তর্জাতিকে বিশ্বের এক নম্বর দল হয়ে যাবে ভারত।
|
বিস্ফোরক জুটিতে বেকায়দায় ক্যারিবিয়ানরা
এদিন সূর্য ও আইয়ার ছাড়া কোনও ভারতীয় ব্যাটার ছয় মারতে পারেননি। সূর্য মেরেছেন সাতটি, আইয়ার দুটি। ইনিংসের শেষে ভেঙ্কটেশ আইয়ার বলেন, আমি নিজের ব্যাটিং যতটা না উপভোগ করেছি, তার চেয়ে বেশি উপভোগ করেছি সূর্যকুমারের ব্যাটিং। পার্টনারশিপে কিছুটা অবদান রাখতে পেরে ভালো লাগছে। অনবদ্য সব শট নিয়েছেন সূর্য। লেগ সাইডে পিক-আপ শট অবিশ্বাস্য! সূর্যকে দেখে নিজেও পিক-আপ শট খেলেন বলে জানিয়েছেন আইয়ার। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, রস্টন চেজ, হেডেন ওয়ালশ ও ডমিনিক ড্রেকস একটি করে উইকেট নেন। শেফার্ড চার ওভারে দেন ৫০, ড্রেকস ৩ ওভারে ৩৭।












Click it and Unblock the Notifications