ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির টেস্টিং পুলে একঝাঁক ভারতীয় ক্রিকেটার, তালিকায় মহিলারাও
NADA's Registered Testing Pool: ২০২৫ সালের জন্য রেজিস্টার্ড টেস্টিং পুল তৈরি করে ফেলল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি। তাতে ভারতের পুরুষ ও মহিলা দলের একঝাঁক ক্রিকেটার রয়েছেন।
এই টেস্টিং পুলে পুরুষ ক্রিকেটারদের সংখ্যাই বেশি। মেয়েদের মধ্যে রয়েছেন ৩ জন।

নাডা ক্ষেত্র বিস্তৃত করে কমপ্রিহেনসিভ অ্যান্টি ডোপিং কর্মসূচিতে যে ক্রিকেটারদের রেখেছে তাঁরা হলেন ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব, টেস্টের সহ অধিনায়ক জসপ্রীত বুমরাহ, ওডিআই টিমের সহ অধিনায়ক শুভমান গিল,উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ।
এ ছা়ড়াও এই তালিকায় নাম আছে হার্দিক পাণ্ডিয়া, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, অর্শদীপ সিং, সঞ্জু স্যামসন ও তিলক বর্মার। মহিলা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ওপেনার শেফালি ভার্মা, অলরাউন্ডার দীপ্তি শর্মা ও মিডিয়াম পেসার রেণুকা সিং ঠাকুর।
জানা গিয়েছে, নাডার ডোপ কন্ট্রোল অফিসাররা ভারত-ইংল্যান্ড সিরিজ চলাকালীনই আরটিপিতে নাম থাকা ক্রিকেটারদের মূত্রের নমুনা সংগ্রহ করবেন। টি২০ ও ওডিআই সিরিজের খেলাগুলি যেখানে হবে সব জায়গাতেই যাবেন নাডার ডোপ কন্ট্রোল অফিসাররা। সেইমতো বিসিসিআইকে জানানো হয়েছে।
২০১৯ সালে নাডা প্রথম ক্রিকেটারদের জন্য আরটিপি তৈরি করেছিল। সেবার চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল, স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মাদের নাম ছিল। মূত্রের নমুনা সংগ্রহ যাতে মসৃণভাবে করা যায় সেজন্য কোন ক্রিকেটার কখন কোথায় থাকবেন তা জানাতে হয় নাডাকে। সেইমতো হাজির হন ডোপ কন্ট্রোল অফিসাররা।
যদিও ২০২০ সালে পূজারা, জাদেজা, রাহুল, মান্ধানা ও দীপ্তি ওই তথ্য দেননি নাডাকে। পাসওয়ার্ডজনিত সমস্যা, কোভিড লকডাউনের বিষয়ের কথা সামনে এসেছিল ওই তথ্য দিতে না পারার জন্য। ক্রিকেটারদের সেজন্য শাস্তির মুখে পড়তে হয়নি। তবে তাঁদের সতর্ক করে দেওয়া হয়েছিল।
অনেক সময় টুর্নামেন্ট যখন চলে না তখনও নমুনা নেওয়া হয়। হোয়ারঅ্যাবাউটসের ক্ষেত্রে জানাতে হয় ঠিকানা, ই-মেল অ্যাড্রেস, ফোন নম্বর, রাতে অন্যত্র থাকলে সেই ঠিকানা, দৈনন্দিন সূচি যাতে লেখা থাকে ট্রেনিং বা কাজের সম্পর্কে তথ্য, ঠিকানা, প্রতিযোগিতার সূচি। প্রতিদিন কোন এক ঘণ্টা ফাঁকা থাকবেন যাতে টেস্টিং মিস না হয় সেই তথ্যও।
নিয়ম অনুযায়ী, যদি আরটিপিতে থাকা কেউ ১২ মাসের মধ্যে তিনবার হোয়ারঅ্যাবাউটস দিতে ব্যর্থ হন, তবে তা ডোপবিরোধী নিয়ম লঙ্ঘন হিসেবে ধরা হয়। একটি সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদনে উল্লেখ, ক্রিকেটারদের নাম যুক্ত হওয়ায় আপাতত সব ধরনের ক্রীড়াক্ষেত্র মিলিয়ে আরটিপিতে রয়েছে ২২৭ জন ক্রীড়াবিদের নাম।












Click it and Unblock the Notifications