বেটিং কাণ্ডে ইডির তলব সুরেশ রায়নাকে, বুধেই হাজিরা
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলব সুরেশ রায়নাকে। ভারতের প্রাক্তন এই ক্রিকেটারকে বুধবারেই জিজ্ঞাসাবাদ করা হবে। একটি বেটিং অ্যাপ সংক্রান্ত বিষয়ে।
অবৈধ বেটিং প্ল্যাটফর্ম ও তার সেলিব্রিটি প্রোমোটারদের বিরুদ্ধে জোরদার তদন্ত চলছে। তদন্তে বেশ কিছু নামজাদা ব্যক্তির নাম জড়িয়েছে। গতকাল হায়দরাবাদে ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন অভিনেতা রানা দাগ্গুবতি। ছবির কাজের জন্য এর আগে ২৩ জুলাই তিনি ইডির অফিসে হাজিরা দিতে পারেননি।

গত মে মাসে তেলঙ্গানা পুলিশ রানা, প্রকাশ রাজ-সহ ২৫ জন অভিনেতার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল অনলাইন বেটিংয়ের প্রচার করার দায়ে। রানা, প্রকাশরা অবৈধ কাজে যুক্ত থাকার কথা মানতে চাননি। তাঁরা বলেছিলেন, অনলাইন স্কিল-বেসড গেম যেখানে বৈধ, তার প্রচার করেছেন। এফআইআরে নাম ছিল মঞ্চু লক্ষ্মী, নিধি আগরওয়াল, অনন্যা নাগাল্লা, টিভি সঞ্চালক শ্রীমুখীর।
২০২৩-২৪-এ মহাদেব অনলাইন বেটিংয়ের তদন্তে নাম জড়ায় বেশ কিছু রাজনীতিবিদের। ছত্তিসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল-সহ। বাঘেল বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছিলেন। এবার বেটিং প্ল্যাটফর্মে 1xbet সংক্রান্ত তদন্তে তলব পেলেন রায়না। আগামী দিনে আরও অনেককেই ডাকা হতে পারে বলে খবর।












Click it and Unblock the Notifications