সন্দীপের তাশা! আইপিএল অভিযানের আগে বিয়ে সেরে ফেললেন সানরাইজার্সের পেসার
আইপিএল অভিযানে এ মাসের শেষেই সানরাইজার্স হায়দরাবাদের যাওয়ার কথা সংযুক্ত আরব আমিরশাহীতে। তার কয়েক দিন আগেই দীর্ঘদিনের বান্ধবী তাশা সাত্ত্বিকের সঙ্গে বিয়ে সেরে ফেললেন পেসার সন্দীপ শর্মা। এই বিয়ের খবর ছবি-সহ সোশ্যাল মিডিয়ায় দিয়ে সানরাইজার্স পরিবারে নতুন সদস্যকে স্বাগতও জানানোর পাশাপাশি সন্দীপ-তাশার লম্বা পার্টনারশিপের শুভেচ্ছাও জানানো হয়েছে।
(ছবি- সানরাইজার্স হায়দরাবাদ টুইটার)
|
তাশায় বোল্ড সন্দীপ
সন্দীপ শর্মা পাঞ্জাবের ক্রিকেটার। তিন কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। বেঙ্গালুরুর মেয়ে তাশা সাত্ত্বিকের সঙ্গে সন্দীপের সম্পর্ক দীর্ঘদিনের। সোশ্যাল মিডিয়ায় বান্ধবীর সঙ্গে নানা মুহূর্তের ছবি প্রায়ই শেয়ার করেন সন্দীপ। তাঁদের বাগদান সম্পন্ন হয়েছিল ২০১৮ সালের ৭ জুন। তাশার জন্মদিন ২০ সেপ্টেম্বর। ফলে এবারের জন্মদিন স্বামীর সঙ্গে আইপিএলের আসরেই কাটাবেন পেশায় জুয়েলারি ডিজাইনার তাশা। বিয়ের যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে দুজনকেই দক্ষিণী সাজে দেখা যাচ্ছে। ধুতি ও পাঞ্জাবি পরেছিলেন সন্দীপ। লাল ও কমলা শেডের কাঞ্জিভরম শাড়ি, সেই সঙ্গে প্রচুর গয়না পরেন তাশা। সন্দীপ শর্মার ম্যাচ থাকলেই গ্যালারিতে তাশাকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে বারবার। এবার থেকে তা আরও নিয়মিত হতে চলেছে।
ঘরোয়া ক্রিকেটেই বেশি খেলেছেন
ভারতীয় টি ২০ দলে সন্দীপ শর্মার অভিষেক হয় ২০১৫ সালের জিম্বাবোয়ে সফরে। হারারেতে দুটি ম্যাচে একটি উইকেট পেয়েছিলেন। তারপর থেকে আর ভারতীয় দলে খেলার সুযোগ পাননি পাঞ্জাবের এই ২৮ বছরের পেসার। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর উইকেটের সংখ্যা ১৬৭। ৫০ ওভারের ক্রিকেটে ৮০টি এবং টি ২০-তে ১৫৯টি উইকেট রয়েছে। ২০১১-১২ মরশুমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল। ৫০ ওভারের ক্রিকেটে অভিষেক ২০১২ সালে ভারতীয় বি দলের হয়ে, ২০১৯ সালে পাঞ্জাবের হয়ে শেষ একদিনের ম্যাচ খেলেছেন। তবে এ বছর সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে পাঞ্জাবের হয়ে খেলেন তিনি।
সন্দীপের উত্থান
২০১২ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে প্রথম নজর কাড়েন ডানহাতি এই মিডিয়াম পেসার। ফাইনালে তিনি চার উইকেট দখল করায় তা ভারতকে খেতাব দখলে সহায়তা করে, এমনকী বিশ্বকাপে ১২টি উইকেট নিয়ে তিনি ভারতীয় বোলারদের মধ্যে যুগ্ম সর্বাধিক উইকেটশিকারী হন। ২০১৩ সালের আইপিএলে তিনি কিংস ইলেভেন পাঞ্জাব দলে সুযোগ পান। ২০১৪ সালের নিলামে ফের তাঁকে দলে নেয় পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজি। প্রথম বছর আইপিএলে ৪ ম্যাচে ৮ উইকেট নেন। ২০১৪ থেকে ২০১৭ সাল অবধি কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আইপিএলে তাঁর উইকেট সংখ্যা ছিল যথাক্রমে ১১ ম্যাচে ১৮, ১৪ ম্যাচে ১৩, ১৪ ম্যাচে ১৫ এবং ১৩ ম্যাচে ১৭ উইকেট। ওই বছরই কেরিয়ারের সেরা বোলিং করেন, ২০ রানের বিনিময়ে ৪ উইকেট। ২০১৮ সালে সানরাইজার্সে আসার পর সেই আইপিএলে তিনি ১২ ম্যাচে ১২টি উইকেট পান। ওই বছরই বাগদান সেরে ফেলেছিলেন। ২০১৯ সালের আইপিএলে ১১ ম্যাচে ১২টি এবং ২০২০ সালের আইপিএলে ১৩ ম্যাচে ১৪টি উইকেট দখল করেন।
লেডি লাক কতটা কার্যকরী হবে?
এবারের আইপিএলে অবশ্য তিনটির বেশি ম্যাচ খেলতে পারেননি সন্দীপ। তবে শেষ ম্যাচটিতেও তিনি দলে ছিলেন। ফলে মনে করা হচ্ছে, আইপিএলের বাকি ম্যাচগুলিতেও তিনি দলে থাকবেন। আইপিএলে ৯৫টি ম্যাচ খেলা সন্দীপ শর্মার ঝুলিতে রয়েছে ১১০টি উইকেট। লেডি লাকে ভর করে বল হাতে জ্বলে উঠে সন্দীপ সানরাইজার্সকে প্লে অফে পৌঁছে দিতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।












Click it and Unblock the Notifications