Sunrisers Hyderabad: সিএসকে সমর্থক হয়েও আইপিএলে হায়দরাবাদের ব্যর্থতায় ব্যথিত রজনীকান্ত, কারণ জানলে অবাক হবেন
রূপোলি পর্দার মানুষ হলেও, ক্রিকেটে প্রতি রজনীকান্তের রয়েছে আলাদা একটা টান। চিপক স্টেডিয়ামে সিএসকের খেলাতে মাঝেমধ্যেই দেখা যায় থালাইভাকে। তবে তামিল সুপার স্টার শুধু নিজের রাজ্যের দল নয়, একইসঙ্গে খোঁজ খবর রাখেন প্রতিবেশি রাজ্যের দল নিয়েও। দক্ষিণ ভারতীয় হওয়ায় সানরাইজার্স হায়দরাবাদ দলের প্রতি আলাদা টান রয়েছে রজনীকান্তের।
কিন্তু বিগত কয়েক মরসুম ধরেই হায়দরাবাদ দলের পারফরম্যান্স একেবারেই ভালো নয়। ব্যর্থতাই হচ্ছে সঙ্গী। ম্যাচের পর ম্যাচ গ্যালারিতে বিমর্ষ মুখে বসে থাকতে দেখা যায় দলের অন্যতম মালিক কাব্য মরানকে। তাঁকে এ ভাবে বসে থাকতে দেখতে ভাল লাগে না রজনীকান্তের। তাই দলের মালিক তথা কাব্য-র বাবাকে আরও ভালো দল গড়ার পরামর্শ দিলেন রজনীকান্ত।

সিনেমা 'জেলর'-এর অডিও লঞ্চের এসে রজনীকান্ত বলেছেন, 'কলানিধি মরানের (হায়দরাবাদের মালিক এবং কাব্যর বাবা) উচিত ভাল ভাল ক্রিকেটার কিনে শক্তিশালী দল তৈরি করা। আইপিএলের সময় টিভিতে কাব্যকে ম্যাচের পর ম্যাচ বিমর্ষ মুখে দেখে আমার খুব খারাপ লাগে।'
সানরাইজার্স হায়দরাবাদে একসময় ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান, যুবরাজ সিং, কেন উইলিয়ামসন, রশিদ খানের মতো তারকা ক্রিকেটাররা খেলেছেন। কিন্তু তাদের কাউকেই এখন ধরে রাখেনি এসআরএইচ ম্যানেজমেন্ট। এই মুহূর্তে তাদের দলে যে ক্রিকেটাররা রয়েছেন তারা ধারাবাহিকভাবে ভালো খেলতে এবং দল হিসেবে সাফল্য পেতে ব্যর্থ।

গত মরসুমেও হায়দরাবাদের পারফরম্যান্স বদলায়নি। লিগ তালিকায় সবার শেষে ছিল তারা। ১৪টি ম্যাচ খেলে মাত্র ৪টিতে জিতেছিল। শেষ দিকে তাদের খেলা দেখার উৎসাহ ছিল না দর্শকদেরও। এডেন মার্করামকে দেওয়া হয়েছিল অধিনায়কত্ব। কয়েকটি ম্যাচে তিনি ভাল খেললেও, ধারাবাহিক ভাবে কোনও ক্রিকেটারই দলের হয়ে অবদান রাখতে পারেননি।












Click it and Unblock the Notifications