করোনায় অনিশ্চিত টি-টোয়েন্টি বিশ্বকাপ, এক দুর্দান্ত পরামর্শ সুনীল গাভাসকরের
করোনায় অনিশ্চিত টি-টোয়েন্টি বিশ্বকাপ, এক দুর্দান্ত পরামর্শ সুনীল গাভাসকরের
করোনা ভাইরাসের জেরে স্তব্ধ হয়ে গিয়েছে বিশ্ব। স্থগিত কিংবা বাতিল হয়ে গিয়েছে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট। এই পরিস্থিতিতে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় নির্ধারিত থাকা টি-টোয়েন্টি বিশ্বকাপ আদৌ করা সম্ভব কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এ ব্যাপারে ভারতীয় লেজেন্ড সুনীল গাভাসকরের পরামর্শ মনে ধরেছে ক্রিকেট প্রেমীদের।

করোনা ও লকডাউন
বিশ্বব্যাপী প্রায় ২৫ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭০ হাজারেরও বেশি মানুষের। ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৮ হাজার পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ৬০০ জনের। অন্যদিকে অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ছয় হাজার পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ৭১ জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারতে ৩ মে পর্যন্ত লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। একই নিষেধাজ্ঞা জারি হয়েছে অস্ট্রেলিয়াতেও। একই সঙ্গে সে দেশে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ
চলতি বছরের ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৫ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্ট চলার কথা। টুর্নামেন্টের পরবর্তী সংস্করণ ২০২১ সালের অক্টোবর ও নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা।

কী বললেন গাভাসকর
করোনা ভাইরাসের জেরে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ। সেক্ষেত্র অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা কার্যত অসম্ভব বলে মনে করেন ভারতের ব্যাটিং লেজেন্ড সুনীল গাভাসকর। এই পরিস্থিতিতে টুর্নামেন্ট অদল-বদল করার পরামর্শ দিয়েছেন সানি। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে আয়োজন করে, টুর্নামেন্টের পরবর্তী সংস্করণ অস্ট্রেলিয়ায় করা যায় কিনা, আইসিসি-কে তা ভেবে দেখতে বলেছেন গাভাসকর।

আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ
সুনীল গাভাসকরের পরামর্শ মতো চলতি বছর আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ একসঙ্গে আয়োজন করা উচিত ভারতের। সেক্ষেত্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএলের আসর বসা উচিত বলে মনে করেন সানি। তাঁর মতে, সেপ্টেম্বরে হোক আইপিএল। অক্টোবর-নভেম্বরে ভারতে বসুক টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহী-তে এশিয়া কাপ আয়োজন করার পরামর্শ দিয়েছেন সুনীল গাভাসকর।












Click it and Unblock the Notifications