ভারতীয় দলের টুপি সহজলভ্য হওয়ায় আপত্তি গাভাসকরের, ইংল্যান্ডে সাফল্যের জন্য দিলেন একগুচ্ছ প্রস্তাব
Sunil Gavaskar: সুনীল গাভাসকর মনে করেন ভারতীয় দলের টুপি মোটেই সহজলভ্য নয়। বরং তা কষ্টার্জিত থাকুক। তেমনটাই চান সানি। স্পোর্টসস্টারে নিজের লেখায় সেটাই স্পষ্ট করে দিলেন।
অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের বিপর্যয়ের পর চলছে পর্যালোচনা। এই আবহেই জুনে ইংল্যান্ড সফর নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছেন গাভাসকর।

অস্ট্রেলিয়ায় রিজার্ভ-সহ ভারতীয় দলে ছিলেন ১৯ জন ক্রিকেটার। যদিও ইংল্যান্ডে ১৬ জনের বেশি কাউকে দলে না রাখারই পক্ষপাতী গাভাসকর। তাঁর মতে, ১৬ জনের বেশি ক্রিকেটার দলে থাকলে মনে হয় নির্বাচকরা সংশয়ে রয়েছেন। সেটা মোটেই ভালো লক্ষণ নয়।
এরপরই গাভাসকর লিখেছেন, বিসিসিআই বেশি ক্রিকেটার পাঠানোর খরচ বহন করতে পারার অর্থ এটা নয় যে, ভারতীয় দলের টুপি এভাবে সহজেই পাওয়া যায়। বিদেশ সফরে সমস্যা থাকে প্র্যাকটিস বোলার পাওয়া নিয়ে। সেক্ষেত্রে কয়েকজন বোলারকে পাঠানো যেতেই পারে। তাঁরা ট্রেনিং করুন ভারতীয় দলের পোশাক পরেই। কিন্তু ইন্ডিয়া ক্যাপ দেওয়ার দরকার নেই।
ইংল্যান্ড সফরে ভারতীয় দলকে পর্যাপ্ত প্রস্তুতি ম্য়াচ খেলারও পরামর্শ দিয়েছেন গাভাসকর। তাঁর কথায়, একেকটি টেস্ট ম্যাচের মধ্যে অনেকটাই ব্যবধান রয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে হবে প্র্যাকটিস ম্য়াচ খেলে। ইংল্যান্ডে গাড়িতেই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। ফলে যেদিন টেস্ট শেষ হবে, সেদিন বিকেলেই পরবর্তী টেস্টের শহরে পৌঁছে যেতে হবে।
গাভাসকর লিখেছেন, এতে আলাদা করে ট্রাভেল ডে-র দরকার পড়বে না। টেস্ট যেদিন শেষ হবে তার পরের দিন দল বিশ্রাম নিক। কিন্তু বাকি দিনগুলি প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। অপশনাল প্র্যাকটিসের দরকার নেই। কোন দিন কারা বিশ্রাম নেবেন তা হেড কোচ ও অধিনায়ক ঠিক করবেন। দলের বাকি ক্রিকেটারদের ইচ্ছেমতো তা চলা উচিত নয়।
ভারতীয় ক্রিকেটের গভীরতার কথা মনে করিয়ে গাভাসকরের আশা, ইংল্যান্ড সফর থেকে নতুন চেহারায় ভারতকে দেখা যাবে। ভারতীয় দল দেখিয়ে দেবে তারা বিশ্বের যে কোনও দলের যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।












Click it and Unblock the Notifications