রোহিতকে নিয়ে বড় কথা বললেন গাভাসকর, মুখে রাহুল-পন্থেরও প্রশংসা
রোহিতকে নিয়ে বড় কথা বললেন গাভাসকর, মুখে রাহুল-পন্থেরও প্রশংসা
বিরাট কোহলির অনুপস্থিতিতে কে হবেন ভারতের টি২০ দলের কোচ, তা নিয়ে কৌতুহল তৈরি হয়েছে ক্রিকেট মহলে। আদর্শ প্রার্থী যে দলের বর্তমান সহ অধিনায়ক রোহিত শর্মা, তা ভাবনাচিন্তার মধ্যে আসতে শুরু করেছে। আর এই ইস্যুতেই ফের মুখ খুললেন কিংবদন্তি সুনীল গাভাসকর। রোহিত শর্মাকে নিয়ে বড় কথা বললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। প্রশংসায় ভরিয়ে দিলেন কেএল রাহুল এবং ঋষভ পন্থকেও।

রোহিতকে নিয়ে কী বললেন গাভাসকর
আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে অনুষ্ঠিত হতে চলেঠে টি২০ বিশ্বকাপ। ওই টুর্নামেন্টের পর ভারতের টি২০ দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা ইতিমধ্যেই করেছেন বিরাট কোহলি। তাঁর অনুপস্থিতিতে কে হবেন ভারতের টি২০ দলের কোচ, তা নিয়ে কৌতুহল তৈরি হয়েছে ক্রিকেট মহলে। এই ইস্যুতে কিংবদন্তি সুনীল গাভাসকরের ভোট রোহিত শর্মার দিকে। মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ বার চ্যাম্পিয়ন করা হিটম্যানকে পরের অন্তত দুটি টি২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অধিনায়ক দেখতে চান গাভাসকর।

অধিনায়ক পরিবর্তনের কোনও মানেই হয় না
সাধারণত দুই বছর অন্তর টি২০ বিশ্বকাপ হওয়ার কথা। তবে ২০১৬ সালের পর বিভিন্ন কারণে টুর্নামেন্টের আর কোনও সংস্করণ অনুষ্ঠিত হয়নি। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিল টি২০ বিশ্বকাপ। করোনা ভাইরাসের প্রভাবে টুর্নামেন্ট ২০২২ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। চলতি বছর যে টি২০ বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে, তা টুর্নামেন্টের ২০২০ সালের পরবর্তী সংস্করণ। নিয়ম ধরে এগোলে ২০২১-র পর ২০২৩ সালে ফের ২০-২০ ওভারের বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। এর মধ্যে বিরাট কোহলির পর ভারতীয় টি২০ দলের অধিনায়কত্বে তিনি আর কোনও পরিবর্তন দেখতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন সুনীল গাভাসকর। বলেছেন যে দেশকে এশিয়া কাপ ও নিদাহাস ট্রফি দেওয়া রোহিত শর্মাই এই গুরু দায়িত্ব পালন করার যোগ্য দাবিদার।

কেএল রাহুল ও ঋষভ পন্থ
আইপিএলে পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দিয়ে আসছেন কেএল রাহুল। চলতি দিল্লি ক্য়াপিটালসকে নেতৃত্ব দিচ্ছেন তরুণ ঋষভ পন্থ। দুই ক্রিকেটারের উর্বর ক্রিকেট মস্তিষ্কের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সুনীল গাভাসকর। তাঁর কথায়, ভারতীয় ক্রিকেটের বর্তমান দুই তারকা যেভাবে নিজ নিজ দলকে নেতৃত্ব দিচ্ছেন, মাঠে সিদ্ধান্ত নিচ্ছেন, বোলিং পরিবর্তন করছেন, তা অসাধারণ। ফলে বিরাট কোহলির পর রোহিত শর্মা ভারতের টি২০ দলের অধিনায়ক নির্বাচিত হলে কেএল রাহুল ও ঋষভ পন্থের মধ্যে যে কোনও একজনকে তাঁর ডেপুটি করে দেওয়া উচিত বলেও মনে করেন গাভাসকর। তবে দুই ক্রিকেটারের মধ্যে বেশি দক্ষ কে, তা অবশ্য বলেননি ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি।












Click it and Unblock the Notifications