রঞ্জি সেমিফাইনালের দিকে পা বাড়াল বাংলা, পুত্রর জন্মদিনে শতরানের পরও কেন হতাশ অনুষ্টুপ?

রঞ্জি ট্রফির সেমিফাইনালে ওঠার দিকে পা বাড়াল বাংলা। বেঙ্গালুরুর জাস্ট ক্রিকেট গ্রাউন্ডে কোয়ার্টার ফাইনালের প্রথম দুই দিনে বাংলার মাত্র পাঁচটি উইকেটই ফেলতে সক্ষম হয়েছে ঝাড়খণ্ড। টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে বাংলার স্কোর ১৭৮ ওভারে ৫ উইকেটে ৫৭৭ রান। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ১৪৬ বলে ৫৪ রানে অপরাজিত রয়েছেন বাংলার ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। ১০ বলে ৭ রান করে ক্রিজে রয়েছেন শাহবাজ আহমেদ।

পুত্রর জন্মদিনে শতরানের পরও কেন হতাশ অনুষ্টুপ?

প্রথম দিনের শেষে স্কোর ছিল ১ উইকেটে ৩১০। শতরান থেকে ১৫ রান দূরে ছিলেন অনুষ্টুপ। এদিন তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে দশম শতরানটি হাঁকালেন। শেষ চারটি রঞ্জি মরশুমের পরিসংখ্যান ধরলে অনুষ্টুপ একাই নক আউট পর্বে আজ নিয়ে চারটি শতরান করলেন। ২০১৭ সালে কোয়ার্টার ফাইনালে গুজরাতের বিরুদ্ধে অপরাজিত ১৩২, ২০২০ সালে কোয়ার্টার ফাইনালে ওডিশার বিরুদ্ধে ১৫৭, কর্নাটকের বিরুদ্ধে ২০২০ সালে সেমিফাইনালে অপরাজিত ১৪৯ রানের পর আজ করলেন ১১৭। ১৫টি চারের সাহায্যে ১৯৪ বলে ১১৭ রান করে তিনি শাহবাজ নাদিমের শিকার হন। ১৩২ রানে প্রথম উইকেট পড়ার পর দ্বিতীয় উইকেট পড়ে ৩৭৫ রানে। গতকাল ব্যাক স্প্যাজমের কারণে ব্যাট করতে না পারলেও অনুষ্টুপ ফেরার পর নামেন অভিষেক রামন। তিনি দলের ৪২১ রানের মাথায় আজ সাজঘরে ফেরেন ১০৯ বলে ৬১ রান করে।

সুদীপ ঘরামি দ্বিশতরান পেলেন না ১৪ রানের জন্য। ৩৮০ বলে ১৮৬ রান করলেন। রাহুল শুক্লার বলে কট বিহাইন্ড হওয়ার আগে তিনি ২১টি চার ও একটি ছয় মারেন। শেষ ৯টি রঞ্জি মরশুমে বাংলার হয়ে ব্যক্তিগত সর্বাধিক রানের নিরিখে এদিন সুদীপের ইনিংস রইল ঋত্ত্বিক চট্টোপাধ্যায়ের ২১৬ রানের পর (গুজরাতের বিরুদ্ধে ২০১৭ সালে)। সুদীপ ঘরামি আউট হলে বাংলার স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৪৫৫। এরপর মনোজ তিওয়ারি ও অভিষেক পোড়েল ১০৯ রান যোগ করেন পঞ্চম উইকেটে। ১১১ বলে ৬৮ রান করে ফেরেন উইকেটকিপার পোড়েল। এবার মনোজের ব্যাটেও শতরানের প্রত্যাশায় ক্রিকেটপ্রেমীরা।

অনুষ্টুপ শতরানের পর পুত্রের জন্মদিনের জন্য বিশেষ বার্তা লেখা কাগজ তুলে ধরেন। তবে দিনের শেষে তিনি আরও রান করতে না পারার জন্য হতাশা ব্যক্ত করেন। অনুষ্টুপের কথায়, বাংলার হয়ে রান করতে সব সময়ই ভালো লাগে। তবে আরও বড় ইনিংস না খেলতে পারায় আমি হতাশ। উইকেট ভালো, বোলারদের পরিকল্পনা বুঝেই ব্যাট করছিলাম। ফলে আরও বেশি রান করা উচিত ছিল। তবে যে বলে আউট হয়েছি সেটাও ভালো বলই ছিল। আমাদের কেউই উইকেট ছুড়ে দেননি, এটাই আমাদের ভালো পারফরম্য়ান্সের ইতিবাচক দিক। দলের সকলেই ভালো ব্য়াটিংয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। উইকেট পেসারদের সহায়তা করছে। বোলিংয়ে আমরা নিয়ন্ত্রণ দেখাতে পারলে এই দাপট বজায় থাকবে। সুদীপ দলের আস্থার যেভাবে মর্যাদা দিয়েছেন এবং অভিষেক পোড়েল চলতি মরশুমে প্রথম ম্যাচ থেকে যে ছন্দে রয়েছেন তারও প্রশংসা করেন অনুষ্টুপ।

ছবি- সিএবি মিডিয়া

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+