সিডনিতে স্টিভ স্মিথের ব্রেন ফেড ৩.০! চোখে ধুলো দিয়ে ভারতের ব্যাটসম্যানদের বিভ্রান্ত করার চেষ্টা,ভিডিও ভাইরাল
সিডনিতে স্টিভ স্মিথের ব্রেন ফেড ৩.০! চোখে ধুলো দিয়ে ভারতের ব্যাটসম্যানদের বিভ্রান্ত করার চেষ্টা
২০১৭ সালে ভারত সফরে এসে ব্রেন ফেডের নমুনা রেখেছিলেন স্টিভ স্মিথ। বেঙ্গালুরু চিন্নাস্বামীতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৮ রানে, উমেশের বোলিংয়ে এলবিডব্লিউ হন। এরপরই ড্রেসিংরুমের দিকে তাকিয়ে ডিআরএস নেবেন কিনা, জানতে চান। আম্পায়াররা পরিস্থিতি বুঝতে পেরে, স্মিথকে মাঠ ছাড়তে বলেন। ক্রিকেটের নিয়ম ভেঙে ড্রেসিংরুমের থেকে তিনি আউট কিনা, জানতে চাওয়ার এই এপিসোড ক্রিকেট দুনিয়ায় স্মিথের ব্রেন ফেড নামে পরিচিত।

স্মিথের ব্রেনফেড ২.০
পরবর্তী সময় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল বিকৃতির ঘটনা স্মিথের ব্রেন ফেড ২.০ নাম পরিচিত। এবার সেই তালিকাতেই কি স্মিথের ব্রেন ফেড ৩.০ জুড়ল? সিডনি টেস্টের এক ভাইরাল ভিডিও দেখে অন্তত এমনটা বলাই যায়।

ভিডিওতে কী দেখা গিয়েছে
ভিডিওতে দেখা গিয়েছে, ভারতের হয়ে ঋষভ পন্থ ও চেতেশ্বর পূজারা যখন ব্যাটিং করছেন, দুই ওভারের মাঝে ব্যাটিং ক্রিজে এসে দাঁড়িয়ে পড়েন স্মিথ। এরপরই স্যাডো প্র্যাকটিস করতে শুরু করে দেন।

ভারতীয় ব্যাটসম্যানদের বিভ্রান্ত করার চেষ্টা
স্টাম্পের ক্যামেরায় ধরা পড়েছে, স্যাডো করতে করতে হঠাৎ ব্যাট করবেন এই ঢঙে ক্রিজে বুট ঘষে গার্ড নিতে শুরু করে দেন। অথচ সেই সময় ঋষভ পন্থের ব্যাটিং করার কথা। কিছু মুহূর্ত পর স্মিথ ভারতীয় ব্যাটসম্যানদের তৈরি গার্ড নষ্ট করে ফের নিজের ফিল্ডিং পজিসনে ফিরে যান।
|
নতুন করে গার্ড নিলেন পন্থ
ফলে ক্রিজে পৌঁছে ঋষভ তাঁর গার্ড খুঁজে না পাওয়ায় আম্পায়ারের সাহায্য নিয়ে ক্রিজে বুট ঘষে লেগ স্টাম্পের গার্ড নেন। ভিডিও ছড়িয়ে পড়তে চোখে ধুলো দিয়ে ভারতের ব্যাটসম্যানদের বিভ্রান্ত করার স্মিথের চেষ্টা নিয়ে ক্রিকেট ফ্যানেরা সরব।

ধারাভাষ্যকাররা কী বললেন
অজিত আগারকর থেকে হর্ষ ভোগলে ধারাভাষ্যকাররা অবশ্য, পুরো ঘটনাটাই স্মিথ ভুলবশত করেছেন বলে মন্তব্য করেছেন। স্মিথ ব্যাটিং পাগল ক্রিকেটার। সর্বদাই ব্যাট করে যেতে চান। সেই কারণেই হঠাৎ ক্রিজে এসে পড়তে তিনি যে এখন ব্যাটিং করছেন না, বিপক্ষ দল ভারত ব্যাটিং করছে! কিছু মুহূর্তের জন্য তা ভুলে গিয়ে ক্রিজে দাঁড়িয়ে থাকায় হঠাৎ করে নিজের গার্ড নিতে শুরু করে দেন বলে হর্ষ ভোগলে-আগারকররা মনে করছেন।












Click it and Unblock the Notifications