Steve Smith: স্টিভ স্মিথের অবসর! চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে অস্ট্রেলিয়া ছিটকে যেতেই বিরাট সিদ্ধান্ত
Steve Smith: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে অস্ট্রেলিয়া ছিটকে যেতেই অবসরের ঘোষণা করলেন স্টিভ স্মিথ। তিনিই অজিদের নেতৃত্ব দেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
স্মিথের বয়স এখন ৩৫। আর ২ বছর পরই ওডিআই বিশ্বকাপ। যেখানে অস্ট্রেলিয়া নামবে খেতাব ধরে রাখার লক্ষ্যে। তার আগে, বিরাট সিদ্ধান্ত নিলেন স্মিথ।

একদিনের আন্তর্জাতিক থেকে অবসর নিলেও টেস্ট ও টি২০ আন্তর্জাতিকে তিনি খেলা চালিয়ে যাবেন বলেও জানালেন। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে স্মিথ শ্রীলঙ্কায় ওডিআই সিরিজে নেতৃত্ব দেন। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
গতকাল ভারতের কাছে সেমিফাইনালে হারের পরই স্মিথ সতীর্থদের নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। তাতেই স্পষ্ট হয়ে যায় ২০২৭ সালের বিশ্বকাপে স্মিথকে ছাড়াই নামতে হবে অজিদের। স্মিথ বলেছেন, এই সফর দারুণ ছিল। প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি। ভালোবেসেছি।
স্মিথের কথায়, অনেক দুর্দান্ত সময় কাটিয়েছি। অনেক সুন্দর স্মৃতি রয়েছে। এই সফরে অনবদ্য সতীর্থদের পেয়েছি। কেরিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, দেশের হয়ে ২ বার বিশ্বকাপ জেতা। যদিও অধিনায়ক হিসেবে দেশকে আইসিসি খেতাব জেতাতে পারেননি স্মিথ।
২০২৭ সালের বিশ্বকাপের কথা ভেবে দল গঠন করে, সেই দল যাতে প্রস্তুতির পর্যাপ্ত সুযোগ পায় তার পথ সুগম করতেই স্মিথ যে এখন অবসর নিলেন তা জানাতে ভোলেননি। তাঁর উপলব্ধি, ওডিআই থেকে অবসর নেওয়ার এটাই সেরা সময়।
স্মিথ আরও বলেন, টেস্ট ক্রিকেটকে আমি সব সময় অগ্রাধিকার দিয়ে থাকি। আমি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে মুখিয়ে রয়েছি। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিরুদ্ধেও সিরিজ রয়েছে। টেস্ট ক্রিকেটে আরও অনেক অবদান রাখতে পারবেন, আত্মবিশ্বাসী স্মিথ।
২০১০ সালে মেলবোর্নে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্মিথের ওডিআই অভিষেক হয়েছিল। শেষ ম্যাচ খেললেন ভারতের বিরুদ্ধে গতকাল। ১৭০টি একদিনের আন্তর্জাতিকে ১৫৪ ইনিংসে স্মিথ ২০ বার অপরাজিত থেকে ৫৮০০ রান করেছেন। ১২টি শতরান ও ৩৫টি অর্ধশতরান। সর্বাধিক স্কোর ১৬৪।
অধিনায়ক হিসেবে ৬৪টি ওডিআইয়ে ৬২ ইনিংসে ১০ বার অপরাজিত থেকে স্মিথ ২২৭০ রান করেছেন। পাঁচটি শতরান ও ১৪টি অর্ধশতরান রয়েছে তাঁর নামের পাশে। ২০২২ সালে কেয়ার্নসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৩১ বলে ১০৫ করেন। তারপর আর ওডিআই শতরান পাননি। গতকাল ভারতের বিরুদ্ধে ৯৬ বলে ৭৩ রান করেন। মহম্মদ শামির ফুলটস বলে বোল্ড হন। পরে স্মিথ জানান, তিনি ক্রিজে আরও কিছুটা সময় থাকতে পারলে ভারতকে আরও বেশি রানের টার্গেট দেওয়া যেত।












Click it and Unblock the Notifications