স্টিভ স্মিথ ODI শতরান পেলেন প্রায় ২ বছর পর! নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেই অবসর অস্ট্রেলীয় অধিনায়ক ফিঞ্চের
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে পারল না নিউজিল্যান্ড। আজ কেয়ার্নসে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে কেন উইলিয়ামসনের দলকে ২৫ রানে হারিয়ে দিল অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। এটি ছিল ফিঞ্চের কেরিয়ারের শেষ একদিনের আন্তর্জাতিক। তিনি ব্যাট হাতে রান না পেলেও স্টিভ স্টিথ দুই বছর পর পেলেন ওডিআই শতরান।
|
অনবদ্য স্মিথ
এদিন নিউজিল্যান্ড টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠিয়েছিল। অজিদের এদিনের ইনিংসের শুরুটা ফিঞ্চের কথায় 'সম্ভবত মন্থরতম'। ৫.৪ ওভারে ১৬ রানের মধ্যে প্যাভিলিয়নে ফেরেন দুই ওপেনার। প্রথম ১০ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ২ উইকেটে ১৯। সেখান থেকে অস্ট্রেলিয়াকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন স্টিভ স্মিথ, ফিঞ্চের অবসরের পর যাঁর নাম ভালোভাবেই রয়েছে সম্ভাব্য ওডিআই অধিনায়কের তালিকায়। প্রথমে মার্নাস লাবুশানে ও পরে অ্যালেক্স ক্যারের সঙ্গে জুটিতে মূল্যবান রান যোগ করেন স্মিথ।
|
প্রায় ২ বছর পর ওডিআই শতরান
১১টি চার ও একটি ছয়ের সাহায্য়ে ১৩১ বলে ১০৫ রান করেন স্মিথ। একদিনের আন্তর্জাতিকে দ্বাদশ শতরানটির জন্য তাঁকে অপেক্ষা করতে হলো প্রায় ২ বছর। ২০২০ সালের নভেম্বরে ভারতের বিরুদ্ধে সিডনিতে ৬৪ বলে ১০৪ রান করেছিলেন। তারপর এলো এদিনের শতরান। আগের ম্যাচে স্মিথ ৬১ রান করেছিলেন। লাবুশানে এদিন করেন ৭৮ বলে ৫২ রান। অ্যালেক্স ক্যারে ৪৩ বলে ৪২ ও ক্যামেরন গ্রিন ১২ বলে ২৫ রানে অপরাজিত থাকেন। স্মিথ-লাবুশানে জুটিতে ওঠে ১১৮ রান। স্মিথ ও ক্যারে যোগ করেন ৬৯ রান। ট্রেন্ট বোল্ট নেন দুটি উইকেট। টিম সাউদি, লকি ফার্গুসন ও মিচেল স্যান্টনার একটি করে উইকেট দখল করেন।
|
ফ্রি হিট আদায়!
ম্যাচের ৩৮তম ওভারে জিমি নিশামের বলে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকান স্টিভ স্মিথ। এরপরই তিনি স্কোয়্যার লেগ আম্পায়ারকে দেখান ৩০ গজ বৃত্তের বাইরে চারজনের বেশি ফিল্ডার রয়েছেন। অথচ চারজন রাখাই নিয়ম। এরপর আম্পায়াররাও ৩০ গজ বৃত্তের মধ্যে দাঁড়ানো ফিল্ডারদের সংখ্যা দেখে নিশ্চিত হন স্মিথ সঠিক দাবিই করছেন। এরপর অস্ট্রেলিয়া একটি ফ্রি হিট পায়। যদিও নিশামের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের সৌজন্যে এই অতিরিক্ত বলটি কাজে লাগাতে পারেননি স্মিথ। অফ স্টাম্পের বাইরে বাউন্সার দিলে তা ব্যাটে লাগাতে পারেননি স্মিথ।
|
হোয়াইটওয়াশ নিশ্চিত করে সিরিজ জয়
জবাবে খেলতে নেমে ৪৯.৫ ওভারে ২৪২ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপস ৫৩ বলে ৪৭ রান করেন। জিমি নিশাম ৩৬, ফিন অ্যালেন ৩৫ ও স্যান্টনার ৩০ রান করেন। মিচেল স্টার্ক তিনটি এবং ক্যামেরন গ্রিন ও সিন অ্যাবট দুটি করে উইকেট পেয়েছেন। জশ হ্যাজলউড ও অ্যাডাম জাম্পার ঝুলিতে গিয়েছে দুটি উইকেট। স্টার্ক শেষ ওভারের চতুর্থ ও পঞ্চম বলে দুটি উইকেট তুলে নেন। স্টিভ স্মিথ ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পেয়েছেন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে একদিনের আন্তর্জাতিক সিরিজ পরিচিত চ্যাপেল-হ্যাডলি সিরিজ নামে। যদিও আইসিসির ক্রীড়াসূচি অনুয়ায়ী ২০২৭ সাল অবধি এই সিরিজের অস্তিত্ব নেই। ফলে ফের কবে একদিনের আন্তর্জাতিকে এই দুই দেশ মুখোমুখি হবে তা নিশ্চিত নয়। তবে আসন্ন টি ২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ডেরই বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications