দিল্লি ম্যাচ ড্র, তবে নজির গড়া আটকালো না টিম ইন্ডিয়ার
দিল্লি টেস্টে-র পঞ্চম দিনে ড্র হয়ে গেল ম্যাচ। ১১৯ রানে দুরন্ত ইনিংস খেলে ম্যাচে শ্রীলঙ্কার হার আটকানোয় বড় ভূমিকা নিলেন ধনঞ্জয় ডি সিলভা।
ভারতের বিরুদ্ধে ফিরোজ শাহ কোটলায় হার বাঁচিয়ে নিল শ্রীলঙ্কা দল। ম্যাচ ড্র করায় ১-০ সিরিজ জিতেই সন্তুষ্ট থাকতে হল বিরাট এন্ড কোংকে।

এই নিয়ে টানা ৯টি সিরিজ জয়ের নজির গড়ল ভারত। এর আগে এই নজির ছিল শুধু ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। সবার আগে টানা ৯টি সিরিজ জিতেছিল ইংল্যান্ড। অন্যদিকে, অস্ট্রেলিয়া ২০০৫ থেকে ২০০৮-এর মধ্যে এই কৃতিত্ব অর্জন করেছিল। এবার ভারতও সেই গৌরবের তালিকায় নাম তুলে ফেলল। ২০১৫-তে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে যে অভিযান শুরু হয়েছিল সেটাই ন-য়ে গিয়ে দাঁড়াল শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতেই। এরমধ্যে ভারত হারিয়েছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে।
এই টেস্টে প্রথম ইনিংসে অধিনায়কের ২৪৩ ও মুরলী বিজয়ের ১৫৫ রানের সুবাদে ৭ উইকেটে ৫৩৬ রান করে ডিক্লেয়ার করে দেয় ভারত। জবাবে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয় ৩৭৩ রানে। শতরান করেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও অধিনায়ক দীনেশ চান্দিমল। দ্বিতীয় ইনিংসে ভারত ৫ উইকেটে ২৪৬ রান তুলে ৪০৯ রানে এগিয়ে থেকে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। গতকাল চতুর্থ দিনেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। মঙ্গলবার দিনে রান তাড়া করতে নেমেই ৩ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। পঞ্চম দিনে ম্যাচ জিততে শ্রীলঙ্কার টার্গেট ছিল ৩৭৯ রান। তাদের হাতে ছিল ৭ টি উইকেট। তবে বুধবার ম্যাচ বাঁচিয়ে দিলেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। যার মূল কৃতিত্ব যাচ্ছে ধনঞ্জয় ডি সিলভার কাছে। এই শ্রীলঙ্কান ব্যাটসম্যান এদিন ১১৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। তারপর অবশ্য রিটায়ার্ড হার্ট হন। লাকমল, অ্যাঞ্জেলো ম্যাথিউজ ব্যর্থ হলেও চাঁদিমল রাশ ধরেন। সিলভা, ডিকওয়ালে ৭৪ ও ৪৪ রান করেন। ফলে অনেক চেষ্টা করেও ভারতীয় দল কাঙ্খিত জয় পেলেন না। তবে একটানা পরপর সিরিজ জিতে থাকার যে নজির ছিল ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার তা ছুঁয়ে ফেললে ভারত।

ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য সিরিজ দুটোই হয়েছেন বিরাট কোহলি। কারণ একইভাবে দারুণ পারফরম্যান্সের ধারা বজায় রেখেছে দল। এই সিরিজে দুটো দুশো করেছেন ক্যাপ্টেন কোহলি।












Click it and Unblock the Notifications