ভারতের বিরুদ্ধে সিরিজের আগে শ্রীলঙ্কা শিবিরে জাঁকিয়ে করোনা, আক্রান্ত বেড়ে ৩
ভারতের বিরুদ্ধে প্রয়োজনে দ্বিতীয় সারির দল নামাতে যে ক্রিকেটারদের তৈরি রাখছিল শ্রীলঙ্কা ক্রিকেট, এবার তাঁদের মধ্যে একজন করোনা আক্রান্ত হলেন। ওই ক্রিকেটার কলম্বোর সিনামন হোটেলে রয়েছেন। এ ছাড়া ডাম্বুলাতেও তৈরি রাখা হয়েছে কয়েকজন ক্রিকেটারকে। ইংল্যান্ড-ফেরত শ্রীলঙ্কা দলের দুই সাপোর্ট স্টাফ আক্রান্ত হওয়ার পাশাপাশি এবার শ্রীলঙ্কাতেই থাকা ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়া নিঃসন্দেহে অস্বস্তির বাতাবরণ তৈরি করল।

শ্রীলঙ্কার ক্রিকেট দল ইংল্যান্ডে ওয়ান ডে ও টি ২০ সিরিজ খেলতে গিয়েছিল। সিরিজের মাঝপথে তিন ক্রিকেটার জৈব সুরক্ষা বলয় ভাঙায় তাঁদের দেশে ফিরিয়ে তদন্ত শেষ না হওয়া অবধি নির্বাসনে পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। এরপর ইংল্যান্ড দলের তিন ক্রিকেটার-সহ সাতজন করোনা আক্রান্ত হন। দেশে ফিরে বৃহস্পতিবার শ্রীলঙ্কার ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার ও গতকাল ভিডিও অ্যানালিস্ট জিটি নিরোশনের করোনা ধরা পড়ে। দুজনেই ডেল্টা প্রজাতির ভাইরাসে আক্রান্ত এবং শ্রীলঙ্কার মেডিক্যাল টিমের মতে, দুজনেই ইংল্যান্ড থেকেই সংক্রমণ নিয়ে ফিরেছেন।
ইংল্যান্ড সফরে থাকা দলের ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের বেতন সংক্রান্ত সংঘাত চলছিল। পরে অবশ্য তা মিটেছে। কিন্তু বিকল্প পরিস্থিতিতে ওই দলের ক্রিকেটাররা বেতন নিয়ে সন্তুষ্ট না হলে বাধ্য হয়ে দ্বিতীয় সারির দল নামাতে হতো শ্রীলঙ্কাকে। সে কারণেই কলম্বো ও ডাম্বুলায় আলাদা জৈব সুরক্ষা বলয় তৈরি করে রাখা হয়েছিল ক্রিকেটারদের। কলম্বোর সিনামন গ্র্যান্ড হোটেলে থাকা ক্রিকেটারদের মধ্যে একজনের করোনা রিপোর্ট আজই পজিটিভ এসেছে। ফলে বাকিদের নিয়েও চিন্তা বাড়ল। তবে এরই মধ্যে স্বস্তির খবর, তিনি যে হোটেলে ছিলেন সেই হোটেলে ভারতীয় দল নেই। এদিকে, করোনা পরিস্থিতিতে একদিনের সিরিজ ৫ দিন পিছিয়ে গিয়েছে। শুরু হবে ১৮ জুলাই। বাকি ম্যাচগুলি হবে ২০ ও ২৩ তারিখ। ২১ তারিখের বদলে টি ২০ সিরিজ শুরু হবে ২৫ জুলাই। ২৫, ২৭ ও ২৯ তারিখ হবে তিন ম্যাচের টি ২০ সিরিজ।












Click it and Unblock the Notifications