SL vs IND: ফের টস জিতে শ্রীলঙ্কার ব্যাটিং, ভারতের ২ পরিবর্তনে পরাগের অভিষেক, বাদ রাহুল
SL vs IND: কলম্বোয় একদিনের আন্তর্জাতিক সিরিজে হার বাঁচানোর লড়াই ভারতের। ১৯৯৭ সালের পর শ্রীলঙ্কার কাছে কখনও ওডিআই সিরিজ হারেনি মেন ইন ব্লু।
আজ ভারত জিতলে সিরিজে সমতা ফিরিয়েই দেশে ফিরতে পারবে। ওডিআই সিরিজে টানা তৃতীয়বার টস জিতে ব্যাটিং নিল শ্রীলঙ্কা।

আজ আর প্রেমদাসা স্টেডিয়ামে ফ্রেশ পিচেই খেলা হবে। যদিও তাতে আগের তুলনায় বেশি ফাটল লক্ষ্য করা গিয়েছে। উইকেট শুষ্ক ও রুক্ষ, সামান্য ঘাস আছে। ফলে রাসেল আর্নল্ড মনে করছেন, খেলা গড়ালে তা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে ব্যাটারদের জন্য। বল ঘুরবে, মাঝেমধ্যে লাফিয়েও উঠতে পারে।
ভারতীয় দলে আজ ওডিআই অভিষেক রিয়ান পরাগের। তাঁর হাতে ওডিআই ক্যাপ তুলে দেন বিরাট কোহলি। ভারতীয় দলে ২টি পরিবর্তন। অর্শদীপ সিং ও লোকেশ রাহুলকে বসিয়ে খেলানো হচ্ছে রিয়ান পরাগ ও ঋষভ পন্থকে। শ্রীলঙ্কা দলে একটিই পরিবর্তন হয়েছে। আকিলা ধনঞ্জয়ের জায়গায় এলেন মাহিশ থিকশানা।
পিচ দেখে শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালঙ্কা জানান, এই পিচে কোনও একজন ব্যাটারের থেকে শতরান প্রত্যাশা করছেন। দলের রণকৌশলে তেমন পরিবর্তন যে হবে না তা স্পষ্ট করেন আসালঙ্কা। তবে ভারতীয় ব্যাটারদের উপর চাপ বাড়াতে পাথিরানাকে এনে স্পিন বিভাগ জোরদার করা হলো।
ভারত অধিনায়ক রোহিত শর্মার কথায়, সিরিজের প্রথম দুটি ম্যাচে আমাদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। ফলে এই অবস্থায় আমরা কোথায় দাঁড়িয়ে, ব্যাট ও বল হাতে কী করণীয় সে সম্পর্কে ওয়াকিবহাল। উল্লখ্য, ভারত আজ অর্শদীপ সিংকে বাদ দিয়েছে। বাড়িয়েছে ব্যাটিং গভীরতা।
বিশেষজ্ঞ সিমার হিসেবে রয়েছেন শুধু মহম্মদ সিরাজ। ফলে নতুন বলে ভারত কীভাবে শুরু করবে সেটা দেখার। শিবম দুবেকে রোহিত কতটা বল করান সেদিকে নজর থাকবে। বিরাট কোহলিকে আজ হাত ঘোরাতে দেখা যাবে কিনা তা নিয়েও চর্চা চলছে।
স্পিন সহায়ক উইকেটে কার্যকরী হবেন রিয়ান পরাগ। অলরাউন্ডার পরাগকে এনে ব্যাটিং গভীরতা বাড়ানো হলো। সেই সঙ্গে লোকেশ রাহুল চেনা ছন্দে ছিলেন না। উইকেটকিপার হিসেবে কামব্যাক করলেন ঋষভ পন্থ। ফলে লোকেশ রাহুল আদৌ আর ওডিআই একাদশে জায়গা পাবেন কিনা তার সামনেও ঝুলে গেল বড় প্রশ্নচিহ্ন।
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), রিয়ান পরাগ, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।
শ্রীলঙ্কা- পাথুম নিসঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সমরবিক্রমা, চরিথ আসালঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, দুনিথ ওয়েল্লালাগে, জেফ্রি ভ্য়ান্ডারসে, মাহিশ থিকশানা, আসিথা ফার্নান্দো।












Click it and Unblock the Notifications