SL vs IND: চোট সমস্যায় কাবু শ্রীলঙ্কা শিবিরে ফ্লু-র হানা! ভারতীয় দলে গম্ভীর-সূর্য জুটির অভিষেকে বৃষ্টি হবে?
SL vs IND: পাল্লেকেলেতে প্রথম টি২০ আন্তর্জাতিকে কাল ভারত খেলতে নামছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ভারতীয় দলে কোনও সমস্যা না থাকলেও শ্রীলঙ্কা শিবিরে বেশ অস্বস্তি।
নুয়ান তুষারা ও দুষ্মন্ত চামিরাকে ছিটকে দিয়েছে চোট। কয়েকজন আবার ফ্লু বা সর্দি-জ্বরে আক্রান্ত। সে কারণে রিজার্ভ হিসেবে ডাক পড়েছে অলরাউন্ডার রমেশ মেন্ডিসের।

ভারতের হেড কোচ হিসেবে কালই প্রথম দল নামাচ্ছেন গৌতম গম্ভীর। অধিনায়ক সূর্যকুমার যাদব ভালো ফলের বিষয়ে আত্মবিশ্বাসী। আর ৫টি ছয় মারলে সূর্য টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক ছয় মারা ব্যাটারদের তালিকায় তিনে চলে আসবেন।
সূর্য ১৩৩টি ছয় মেরেছেন টি২০ আন্তর্জাতিকে। গ্লেন ম্যাক্সওয়েল ১৩৪টি ছয়ের দৌলতে আছেন চারে। তিনে আছেন বাটলার, তাঁর টি২০ আন্তর্জাতিকে ছয়ের সংখ্যা ১৩৭। ভারত চলতি বছর ১৬টির মধ্যে ১৫টি টি২০ আন্তর্জাতিকেই জিতেছে। একটি হার জিম্বাবোয়ের কাছে।
শ্রীলঙ্কার অন্তর্বর্তী হেড কোচ সনৎ জয়সূর্য। টি২০ বিশ্বকাপে ব্যর্থতার পর অধিনায়কত্ব ছেড়েছেন ওয়ানিন্দু হাসারঙ্গা। তাঁর জায়গায় অধিনায়ক হয়েছেন চরিথ আসালঙ্কা। সদ্যসমাপ্ত লঙ্কা প্রিমিয়ার লিগে ভালো খেলা ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে শ্রীলঙ্কা।
ভারত যেমন টি২০ আন্তর্জাতিক খেলবে রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার অবসর নেওয়ার পর, তেমনই শ্রীলঙ্কা দল থেকে বাদ পড়েছেন অ্যা়ঞ্জেলো ম্যাথিউজ। দুই দলই ২০২৬ সালের টি২০ বিশ্বকাপকে মাথায় রেখে প্রস্তুতি শুরু করে দিতে চলেছে। জসপ্রীত বুমরাহ বিশ্রামে থাকায় ভারত পূর্ণশক্তি নিয়ে নামবে, সেটা বলাও ঠিক হবে না।
পাল্লেকেলেতে লঙ্কা প্রিমিয়ার লিগের পাঁচটি ম্যাচে প্রথম ইনিংসে গড় স্কোর ১৮৫। জোরে বোলারদের ইকনমি যেখানে ১০.৫৮, সেখানে স্পিনারদের ৭.৬৪। যদিও এখানকার পিচে শ্রীলঙ্কার পিচগুলির মধ্যে তুলনায় বেশি পেস ও বাউন্স থাকে। কাল সকালে বৃষ্টি হলেও ম্যাচের সময় বৃষ্টির পূর্বাভাস নেই।
ভারত খলিল আহমেদকে না খেলিয়ে তৃতীয় স্পিনার হিসেবে রবি বিষ্ণোইকে দলে রাখতে পারে। মিডল অর্ডারে দেখা যেতে পারে শিবম দুবে, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগকে। শ্রীলঙ্কা কুশল পেরেরা ও দীনেশ চণ্ডীমলের মধ্যে একজনকে রাখতে পারে প্রথম একাদশে।
ভারতের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ- পাথুম নিসঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, আবিষ্কা ফার্নান্দো, চরিথ আসালঙ্কা (অধিনায়ক), দাসুন শনাকা, ওয়ানিন্দু হাসারঙ্গা, মাহিশ থিকশানা, বিনুরা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা।












Click it and Unblock the Notifications