SL vs IND: ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে সমস্যা-জর্জরিত দুর্বল শ্রীলঙ্কা, বৃষ্টিতে ব্যাহত হবে প্রথম ম্যাচ?
SL vs IND: কাল থেকে কলম্বোয় শুরু ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ। তিন ম্যাচের এই সিরিজে নামার আগে শ্রীলঙ্কার আরও দুই পেসার ছিটকে গিয়ে অস্বস্তি বাড়ালেন।
জসপ্রীত বুমরাহর কথা বাদ দিলে ভারত অবশ্য নামছে পূর্ণশক্তি নিয়েই। এই সিরিজকে হাল্কাভাবে যে নিচ্ছেন না, তা স্পষ্ট করে দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

শ্রীলঙ্কা অবশ্য এই সিরিজে পাচ্ছে না প্রথম সারির জোরে বোলারদের। কাঁধের সমস্যার কারণে মাথিশা পাথিরানা ও হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দিলশান মাদুশঙ্কা ছিটকে গেলেন। অসুস্থতার কারণে আগে থেকেই নেই দুষ্মন্ত চামিরা। হাতের বুড়ো আঙুল ভেঙেছে নুয়ান তুষারার। তুষারা ও চামিরা টি২০ সিরিজেও খেলতে পারেননি।
সব ফরম্যাট মিলিয়ে ভারতের কাছে শ্রীলঙ্কা ১০টি ম্যাচে পরাস্ত হয়েছে। ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোই চরিথ আসালঙ্কার দলের বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক ম্যাচ না খেলা বাঁহাতি পেসার মহম্মদ শিরাজ ও ডানহাতি সিমার এহসান মালিঙ্গাকে দলে নিয়েছে শ্রীলঙ্কা। ব্যাটার কুশল পেরেরা, সিমার প্রমোদ মাদুশান ও স্পিনার জেফ্রে ভ্যান্ডারসেকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে।
ভারতীয় সময় বেলা আড়াইটে থেকে খেলা শুরুর কথা। তবে কাল দিনভর দফায় দফায় শ্রীলঙ্কায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পিচ স্পিনারদের বেশি সহায়তা করবে বলে মনে করা হচ্ছে। যদিও তা সামলাতে পারলে বড় রান তোলা অসম্ভব নয়।
রোহিত শর্মা এই সিরিজে পরীক্ষা-নিরীক্ষার সম্ভাবনার কথা উড়িয়ে দেননি। হার্দিক পাণ্ডিয়া না থাকায় শিবম দুবে ও রিয়ান পরাগের মধ্যে একজন অলরাউন্ডার হিসেবে একাদশে থাকতে পারেন। পরাগকে খেলানো হলে খলিল আহমেদ বা আনক্যাপড হর্ষিত রানাকে একাদশে দেখা যেতে পারে।
টি২০ বিশ্বকাপ জয়ের পর এই প্রথম মাঠে নামবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুজনেই দারুণ ছন্দে থাকার আভাস দিলেন নেট প্র্যাকটিসে। তবে ঋষভ পন্থ, নাকি লোকেশ রাহুল কাকে উইকেটকিপার হিসেবে কাল দেখা যাবে তা স্পষ্ট নয়।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ বা লোকেশ রাহুল (উইকেটকিপার), শিবম দুবে বা রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, খলিল আহমেদ বা হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ- পাথুম নিসঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সমরবিক্রমা, কামিন্দু মেন্ডিস, চরিথ আসালঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়েল্লালাগে বা চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারঙ্গা, মাহিশ থিকশানা, মহম্মদ শিরাজ বা এহসান মালিঙ্গা, আসিথা ফার্নান্দো।












Click it and Unblock the Notifications