SL vs IND: টাইয়ের পর এবার প্রথম জয়ের সন্ধানে ভারত ও শ্রীলঙ্কা, দ্বিতীয় ওডিআইয়ে দলে কোনও পরিবর্তন হচ্ছে?
SL vs IND: ভারতের জয় রুখে দিয়ে প্রথম ওডিআই টাই রাখতে সক্ষম হয়েছে চরিথ আসালঙ্কার শ্রীলঙ্কা। তিন ম্যাচের সিরিজের বাকি রয়েছে ২টি ম্যাচ।
কাল দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক। সিরিজের শেষ ম্যাচ রয়েছে অগাস্টের ৭ তারিখ। ফলে কাল প্রথম জয় ছিনিয়ে নিতে মরিয়া দুই শিবিরই।

আর প্রেমদাসা স্টেডিয়ামে জয় শ্রীলঙ্কাকে অনেকটাই অক্সিজেন দিয়েছে। বিশেষ করে টি২০ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর। টি২০ সিরিজের তিন ম্যাচে যথাক্রমে ৩০ রানে ৯ উইকেট, ৩১ রানে ৭ উইকেট ও ২২ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচগুলি থেকে ছিটকে গিয়েছিল শ্রীলঙ্কা।
বিশেষ করে শেষ ম্যাচে শেষ ২ ওভারে রিঙ্কু সিং ও সূর্যকুমার যাদবের বোলিংয়ে জেতা ম্যাচ হাতছাড়া হয়। সুপার ওভারে হারতে হয় শ্রীলঙ্কাকে। তারপর গতকাল ১০১ রানে পাঁচ উইকেট হারিয়েও শেষ অবধি ২৩০-এ পৌঁছয় শ্রীলঙ্কা। ভারতকেও ওই রানেই আটকে দেয়।
রিঙ্কু ও সূর্য যেমন বল হাতে চমক দিয়েছিলেন, গতকাল তার পাল্টা দেন অধিনায়ক তথা দলের নির্ভরযোগ্য ব্যাটার চরিথ আসালঙ্কা। তিনি পরপর দুই বলে ভারতের শেষ ২টি উইকেট তুলে নেন। ভারতের বোলিং কোচ সাইরাজ বাহুতুলে মানছেন, শ্রীলঙ্কার পিচ থেকে ফায়দা আদায়ে সফল স্পিনাররা।
ভারত গতকালের ম্যাচে শুভমান গিলকে দিয়ে বোলিং করিয়েছে। রোহিত শর্মা টসের সময় বলেছিলেন, সূর্য বোলিং করলেও তাঁর বোলিং করার পরিকল্পনা নেই, ব্যাটিংয়ে মনোনিবেশ করছেন। তবে বাহুতুলে স্পষ্ট করেছেন, প্রথম সারির ব্যাটারদের দিয়ে বল করানো হবে। তা দলের ক্ষেত্রে কাজে লাগবে, প্রতিপক্ষের জন্যও চমক হবে।
বিরাট কোহলি গতকাল প্রত্যাশা পূরণে ব্যর্থ। তবে নিজের দিনে তিনি যেভাবে ব্যাট হাতে শাসন করেন, তেমনই বিষয়ের অপেক্ষায় রয়েছে ভারত। বিরাট আর ১২৮ রান করলে সচিন তেন্ডুলকর ও কুমার সঙ্গকারার পর তৃতীয় ব্যাটার হিসেবে ১৪ হাজার ওডিআই রান পূর্ণ করে ফেলবেন।
দুই দলের একাদশেই পরিবর্তনের সম্ভাবনা কম। ভারত মহম্মদ সিরাজকে বিশ্রাম দিয়ে হর্ষিত রানা বা খলিল আহমেদকে দেখে নিতে পারে। শ্রীলঙ্কা চামিকা করুণারত্নেকে নিয়ে ব্যাটিং গভীরতা বাড়াতে পারে। তবে গতকাল অভিষেক হওয়া মহম্মদ শিরাজকে এক ম্যাচ খেলিয়েই বাদ নাও দেওয়া হতে পারে।
প্রথম ওডিআইয়ে ১৮ উইকেটের মধ্যে ১৩টিই নিয়েছেন স্পিনাররা। ২০২২ সাল থেকে এই স্টেডিয়ামে পেসারদের চেয়ে স্পিনাররাই বেশি দাপট দেখিয়ে আসছেন। কালও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম। রবিবার কলম্বোয় দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গতকালের ম্যাচের আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত টানা ৬টি ওডিআই জিতেছিল। শেষবার শ্রীলঙ্কার কাছে একদিনের আন্তর্জাতিকে ভারত হেরেছিল ২০২১ সালের জুলাইয়ে। সেই ম্যাচটি হয়েছিল কলম্বোতেই। ভারত অবশ্য সেবার দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল শ্রীলঙ্কা সফরে।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ- পাথুম নিসঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সমরবিক্রমা, চরিথ আসালঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়েল্লালাগে, ওয়ানিন্দু হাসারঙ্গা, আকিলা ধনঞ্জয়, মহম্মদ শিরাজ, আসিথা ফার্নান্দো।












Click it and Unblock the Notifications