মোহালি টেস্টে ভারতের বিরুদ্ধে খাদের কিনারায় শ্রীলঙ্কা, হ্যাডলিকে টপকে কপিলের আরও কাছে অশ্বিন
মোহালি টেস্টের যা গতিপ্রকৃতি তাতে চার দিনেই খেলা শেষ হয়ে যেতে পারে। ভারত আজ দ্বিতীয় দিনে ৮ উইকেটে ৫৭৪ রান তুলে ইনিংস ডিক্লেয়ারের পর একটি সেশনেই চারটি উইকেট খুইয়ে ধুঁকছে শ্রীলঙ্কা। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার ঘূর্ণি সামলাতে নাজেহাল দিমুথ করুণারত্নের দলের স্কোর ৪৩ ওভারে ৪ উইকেটে ১০৮।
|
বিরাটকে গার্ড অব অনার
এদিন ফিল্ডিং করতে নামার আগে চমক দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শততম টেস্ট উপলক্ষে বিরাট কোহলিকে গার্ড অব অনার দেওয়া হয়। চা বিরতির পর ইনিংস শুরু করে শ্রীলঙ্কা আজ যে চারটি উইকেট হারিয়েছে সব কটিই এলবিডব্লু। লাহিরু থিরিমানেকে আউট করে টেস্টে স্যর রিচার্ড হ্যাডলির উইকেট সংখ্যা স্পর্শ করেন রবিচন্দ্রন অশ্বিন। থিরিমানে ৬০ বলে ১৭ রান করেন। করুণারত্নে ৭১ বলে ২৮ রান করে রবীন্দ্র জাদেজার শিকার। ৩৯ বলে ২২ রান করে অ্যাঞ্জেলো ম্যাথিউজ জসপ্রীত বুমরাহর বলে লেগ বিফোর হন।

রেকর্ডের হাতছানি
৮ বলে ১ রানে ধনঞ্জয় ডি সিলভাকে লেগ বিফোর করে হ্যাডলিকে টপকে যান অশ্বিন। এখনও অবধি টেস্টে তাঁর উইকেটের সংখ্যা ৪৩২। সামনে রয়েছেন রঙ্গনা হেরাথ (৪৩৩) ও কপিল দেব (৪৩৪)। ছন্দে থাকলে ৪৩৯টি টেস্ট উইকেটের মালিক ডেল স্টেইনকে বেঙ্গালুরুতেই টপকে যেতে পারেন অশ্বিন। হাতে তিন দিন রয়েছে। মোহালিতে বিরাটের শততম টেস্টে জয় ছিনিয়ে নিয়ে স্মরণীয় করে রাখতে ভারতের দরকার আর ১৬টি উইকেট।

সফলতম অশ্বিন
অশ্বিন এখনও অবধি ১৩ ওভারে ৬টি মেডেন ওভার-সহ ২১ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন। রবীন্দ্র জাদেজা ১৭৫ রানে অপরাজিত থাকার পর ৯ ওভারে ৩টি মেডেন ওভার-সহ ৩০ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। জসপ্রীত বুমরাহ ২টি মেডেন ওভার-সহ ৯ ওভারে ২০ রান দিয়ে ১টি উইকেট দখল করেছেন। মহম্মদ শামির ৭ ওভারের তিনটি মেডেন, ১৭ রান দিয়ে তিনি কোনও উইকেট পাননি। জয়ন্ত যাদবের ৫ ওভারের ২টি মেডেন, ১৪ রান দিয়ে তিনিও কোনও উইকেট পাননি।

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী
দিনের শেষে রবীন্দ্র জাদেজা বলেছেন, উইকেটে বল ঘুরতে শুরু করেছে। তা আরও ঘুরবে আগামী দিনগুলিতে। বল নীচুও হচ্ছে। ফলে উইকেট লক্ষ্য করেই বল করতে হবে। নিজের টেস্ট কেরিয়ারের সেরা ইনিংস প্রসঙ্গে জাড্ডু বলেন, গতকাল নন-স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে ঋষভ পন্থের ব্যাটিং উপভোগ করছিলাম। আজও শান্ত থেকে স্বাভাবিক ব্যাটিংই করেছি। অশ্বিনের সঙ্গে জুটিটিও উপভোগ করেছেন সদ্যপ্রয়াত শেন ওয়ার্নের পছন্দের রকস্টার।












Click it and Unblock the Notifications