প্রথম একদিনের আন্তর্জাতিকে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল শ্রীলঙ্কা, দুই দলের একাদশে কারা?
টি ২০ সিরিজে ভারতের কাছে পরাস্ত হয়েছে শ্রীলঙ্কা। আজ থেকে শুরু তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ। গুয়াহাটিতে টস জিতে ফিল্ডিং নিয়েছে শ্রীলঙ্কা। বর্ষাপাড়া এসিএ স্টেডিয়ামে একটিই আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। হাই স্কোরিং সেই ম্যাচ ভারত জিতেছিল রোহিত শর্মা ও বিরাট কোহলির শতরানে ভর করে।

সূর্য নেই ভারতের একাদশে
ভারতের প্রথম একাদশে নেই সূর্যকুমার যাদব। চারে ব্যাট করবেন শ্রেয়স আইয়ার। রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন শুভমান গিল। ঈশান কিষাণ বাংলাদেশে দ্বিশতরান করার পরেও বাদ। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজের শেষ ম্যাচে বিধ্বংসী শতরান করেছিলেন সূর্যকুমার যাদব। মনে করা হচ্ছিল, দুরন্ত ফর্মে থাকা বিশ্বের ১ নম্বর টি ২০ ব্যাটার এবার একদিনের দলেও নিয়মিত দেখা যাবে। কিন্তু গুয়াহাটিতে তা হলো না। বিশেষজ্ঞরাও ভারতের টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে অবাক। তাঁদের মতে, অবশ্যই কিষাণ ও সূর্যকে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলানো উচিত ছিল।

চ্যালেঞ্জ নিতে তৈরি রোহিত
গুয়াহাটিতে সন্ধের পর থেকেই প্রচুর শিশির পড়ছে। তাই টস জেতা দল ফিল্ডিংই যে নেবে সেটা প্রত্যাশিত ছিল। রোহিত শর্মা বলেন, গতকাল আমরা যখন বিকেল থেকে অনুশীলন করছিলাম তখন সময় যত এগিয়েছে শিশির পড়ার পরিমাণ বেড়েছে। আমরাও টস জিতলে বোলিংই নিতাম। তবে পরে বল করাটা দলের কাছে ভালো চ্যালেঞ্জ। কেন না, যে কোনও ম্যাচেই আমাদের পরে বল করতে হতে পারে। বিশ্বকাপেও তা হতে পারে, ফলে আমাদের সবরকম পরিস্থিতির জন্যই প্রস্তুত থাকতে হবে। প্রাথমিক বিষয়গুলি ঠিকঠাক রাখলেই সমস্যা হবে না। সঠিক দিশায় এগিয়ে চলাটাই গুরুত্বপূর্ণ। আগে এখানে আমরা ভালো খেলেছি। আশা করি, এদিনের ম্যাচটিও স্মরণীয় করে রাখতে পারব।
|
ডিউ ফ্যাক্টরের কারণেই টস জিতে ফিল্ডিং
শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা বলেন, বিকেলের পর থেকেই শিশির পড়ছে। সে কারণেই টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। যেভাবে টি ২০ সিরিজে আমরা খেলেছি একদিনের সিরিজের আগে তা দলকে আত্নবিশ্বাসী রেখেছে। টি ২০-র তুলনায় আজকের দলে কয়েকটি পরিবর্তন হয়েছে। মাহিশ থিকশানার জায়গায় খেলছেন দুনিথ ওয়েল্লালাগে। একদিনের আন্তর্জাতিকে অভিষেক হচ্ছে দিলশান মাদুশঙ্কার।
|
হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশা
পিচ রিপোর্ট দিতে গিয়ে দীপ দাশগুপ্ত বলেছেন, এই মাঠে হাই স্কোরিং ম্যাচ হয়, ফলে ব্যাটিং সহায়ক উইকেটই রয়েছে। পিচ কিছুটা শুষ্ক, ফাটলও রয়েছে। ডিউ ফ্যাক্টর থাকবে। যে দল পরে ফিল্ডিং করবে তাদের বল গ্রিপ করতে অসুবিধা হবে। ফলে রান তাড়া করা এই উইকেটে সহজ। উল্লেখ্য, পরিসংখ্যান এগিয়ে রাখছে ভারতকেই। দুই দেশ মোট ১৬২টি ওডিআই ম্যাচ খেলেছে, যার মধ্যে ভারত জিতেছে ৯৩টিতে, শ্রীলঙ্কা ৫৭টিতে।
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, উমরান মালিক।
শ্রীলঙ্কা- কুশল মেন্ডিস (উইকেটকিপার), পাথুম নিসঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, ধনঞ্জয় ডি সিলভা, চরিথ আসালঙ্কা, দাসুন শনাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারঙ্গা, চামিকা করুণারত্নে, দুনিথ ওয়েল্লালাগে, কাসুন রাজিথা, দিলশান মাদুশঙ্কা












Click it and Unblock the Notifications