ইডেনে শ্রীলঙ্কার কাছে শেষ কবে হেরেছে ভারত? আজ সিরিজ জিততে পারবেন রোহিতরা?
ইডেনে চলছে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক। এই ম্যাচ ঝুঁকে রয়েছে মেন ইন ব্লুর দিকেই। এদিন জিতলেই ক্রিকেটের নন্দনকাননে আরও একটি সিরিজ জয় নিশ্চিত করে ফেলবে রোহিত শর্মার ভারত। ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত অপরাজেয় প্রায় ১৭ বছর।
|
ইডেনে ভারতের অভিশপ্ত রাত
ইডেনে ১৯৯৬ সালের সেই অভিশপ্ত রাতের কথা আজও গেঁথে ক্রিকেটপ্রেমীদের মনে। ১৩ মার্চ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত শুরুটা করেছিল দারুণভাবেই। কিন্তু ২৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে মহম্মদ আজহারউদ্দিনের ভারত ৩৪.১ ওভারে ১২০ রানে ৮ উইকেট হারানোর পরই অশান্তি শুরু করেন দর্শকদের একাংশ। ৯৮ রানে পড়েছিল দ্বিতীয় উইকেট। সচিন ফেরার পরই ব্যাটিং বিপর্যয়। গ্যালারিতে আগুন জ্বালানো হয়। মাঠে জলের বোতল-সহ নানাবিধ জিনিস উড়ে আসতে থাকে। বিনোদ কাম্বলি ও অনিল কুম্বলে তখনও অপরাজিত। চোখের জলে মাঠ ছাড়েন কাম্বলি। দর্শক হামলায় খেলা বন্ধ রাখা হয়, সেই ম্যাচ জিতে ফাইনালে গিয়েছিল শ্রীলঙ্কা।

১৭ বছর ধরে অপরাজেয়
সেই ম্যাচের পর থেকে ইডেনে আর ভারতের বিরুদ্ধে জেতার স্বাদ পায়নি শ্রীলঙ্কা। একদিনের আন্তর্জাতিকে ২০০৭ সালে ৮ ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কা ম্যাচে শ্রীলঙ্কা ১৮.২ ওভারে ৩ উইকেটে ১০২ তোলার পর বৃষ্টিতে খেলা ভেস্তে যায়। এরপর ২০০৯ সালের ২৪ ডিসেম্বর ভারত ইডেনে ৭ উইকেটে হারায় শ্রীলঙ্কাকে। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়া জেতে ১৫৩ রানে। ইডেনে টি ২০ আন্তর্জাতিকে ভারত ও শ্রীলঙ্কা কখনও মুখোমুখি হয়নি। ২০১৭ সালে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ড্র হয়ে গিয়েছিল।

শ্রীলঙ্কা ২১৫
আজ ভারতের সামনে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক তথা সিরিজ জেতার জন্য ২১৬ রানের লক্ষ্যমাত্রা রেখেছে শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করতে নেমে ৩৯.৪ ওভারে শ্রীলঙ্কা ২১৫ রানে অল আউট হয়ে যায়। কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ তিনটি করে উইকেট নেন।

প্রথম চার ব্যাটার সাজঘরে
জবাবে খেলতে নেমে ১৪.২ ওভারে ৮৬ রানে চার উইকেট হারিয়েছে ভারত। অধিনায়ক রোহিত শর্মা ২১ বলে ১৭, শুভমান গিল ১২ বলে ২১, বিরাট কোহলি ৯ বলে ৪ ও শ্রেয়স আইয়ার ৩৩ বলে ২৮ রান করে আউট হয়েছেন। লাহিরু কুমারা ৫ ওভারে ৪২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। কাসুন রাজিথা ও চামিকা করুণারত্নে নিয়েছেন একটি করে উইকেট। বিরাট কোহলিকে বোল্ড করেন কুমারা। শ্রেয়স লেগ বিফোর হন, রিভিউ নিয়ে রক্ষা পাননি। এখন ক্রিজে লোকেশ রাহুল ও হার্দিক পাণ্ডিয়া।












Click it and Unblock the Notifications