শ্রীলঙ্কায় জারি জরুরি অবস্থা, পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট নিয়ে বিরাট পদক্ষেপ
শ্রীলঙ্কায় অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কট চরমে। অন্তর্বর্তী রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে জারি করেছেন জরুরি অবস্থা। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যে যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি কলম্বোয় হওয়ার কথা ছিল, তা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এই টেস্টটি হবে গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। যেখানে প্রথম টেস্টটি চলছে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লক্ষ্যে ভালোভাবেই এগোচ্ছে শ্রীলঙ্কা। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে পিছিয়ে পড়েও দিমুথ করুণারত্নের দল জয় ছিনিয়ে নিয়েছিল দ্বিতীয় টেস্টে। সিরিজ হয় ১-১। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও অর্থনৈতিক সঙ্কট, জ্বালানি সঙ্কট, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির জেরে দেশের নাগরিকরা পথে নেমে যে আন্দোলন শুরু করেছিলেন তা নড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকেও। রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষ দেশ ছেড়ে পালিয়েছেন। পরপর দুই প্রধানমন্ত্রী পদত্যাগে বাধ্য হয়েছেন। অন্তর্বর্তী রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করায় রাজনৈতিক সঙ্কটও চরমে।
কলম্বোয় আন্দোলনের ঝাঁঝ কমার কোনও ইঙ্গিত এখনও মেলেনি। এই পরিস্থিতিতে সেখানে শ্রীলঙ্কা-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট হওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা চলছিলই। শ্রীলঙ্কায় যা পরিস্থিতিতে তাতে এই সিরিজ নিয়েও শঙ্কা ছিল। তবে প্রথম টেস্ট নির্বিঘ্নেই চলছে। যদিও কলম্বোয় গিয়ে টেস্ট খেলার পরিস্থিতি নেই। সে কারণে নানা বিষয় ভেবে অবশেষে দ্বিতীয় টেস্ট কলম্বোর বদলে গলেই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৪ জুলাই থেকে দ্বিতীয় টেস্ট হবে। ইতিমধ্যেই দেশের অর্থনৈতিক সঙ্কটের পরিস্থিতি লঙ্কা প্রিমিয়ার লিগও পিছিয়ে দেওয়া হয়েছে। চলতি বছরে আদৌ তা আয়োজন সম্ভব কিনা সেটা নিয়েই থাকছে সংশয়। আগামী মাসে অনুষ্ঠেয় এশিয়া কাপ শ্রীলঙ্কা থেকে সরে যাওয়াও একরকম নিশ্চিতই হয়ে গিয়েছে।
সম্প্রতি ভারতীয় মহিলা ক্রিকেট দলও নির্বিঘ্নেই শ্রীলঙ্কা সফর সেরে এসেছে। অস্ট্রেলিয়া দলের তরফেও নির্বিঘ্নে সিরিজ আয়োজন করার জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্তাদের ধন্যবাদ জানানো হয়েছে, ক্রিকেটপ্রেমীদের প্রতিও বার্তা দেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে ইতিমধ্যেই শ্রীলঙ্কা ৩০০-র বেশি রানে এগিয়ে গিয়েছে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২২২ রানের জবাবে পাকিস্তান তোলে ২১৮। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার স্কোর এখনও অবধি ৮ উইকেটে ৩০১। ওশাদা ফার্নান্দো ৬৪, কুশল মেন্ডিস ৭৬ রান করেছেন। অর্ধশতরান করে লিড বাড়িয়ে নিয়ে যাচ্ছেন দীনেশ চণ্ডীমল। মহম্মদ নওয়াজ নিয়েছেন পাঁচটি উইকেট। ইয়াসির শাহের ঝুলিতে গিয়েছে তিনটি উইকেট।












Click it and Unblock the Notifications