Wanindu Hasaranga: ওয়ানিন্দু হাসারঙ্গা টেস্ট থেকে অবসর নিলেন, ২৬ বছর বয়সে এমন সিদ্ধান্তের নেপথ্যে কোন কারণ?
Wanindu Hasaranga: ওয়ানিন্দু হাসারঙ্গা মাত্র ২৬ বছর বয়সেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন। শ্রীলঙ্কার এই অলরাউন্ডারের আচমকা সিদ্ধান্তে ফের প্রশ্ন উঠে গেল, টেস্ট ক্রিকেটের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের গুরুত্বই কি বেশি এখনকার ক্রিকেটারদের কাছে?
২০১৭ সালে একদিনের আন্তর্জাতিক ও ২০১৯ সালে টি ২০ আন্তর্জাতিকে অভিষেক হাসারঙ্গার। টেস্টে অভিষেক হয় ২০২০ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ১৫ অগাস্ট সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবার এই দিনে টেস্টকে গুডবাই জানালেন হাসারঙ্গা।

২০২১ সালে পাল্লেকেলেতে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলার পর আর এই ফরম্যাটের একাদশে তিনি সুযোগ পাননি। সম্প্রতি শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণার আগে শিবিরে হাজির ছিলেন হাসারঙ্গা। যদিও চূড়ান্ত দলে সুযোগ পাননি। শ্রীলঙ্কার ক্রিকেট মহল সূত্রে খবর, টেস্টের শিবিরে ডাক পাওয়ায় কয়েকটি ফ্র্যাঞ্জাইজির অফার ফেরাতে হয়েছিল হাসারঙ্গাকে। মেজর লিগ ক্রিকেট থেকেও সরে দাঁড়ান।
চারটি টেস্টে মাত্র চারটি উইকেট রয়েছে হাসারঙ্গার, গড় ১০০.৭৫। দক্ষিণ আফ্রিকার মাটিতে একটি টেস্টে অর্ধশতরান করেছিলেন। কিন্তু সাদা বলের আন্তর্জাতিক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যে সাফল্য হাসারঙ্গার রয়েছে, তেমন পারফরম্যান্সের ধারেকাছে পৌঁছতে পারেননি টেস্টে। শ্রীলঙ্কা ক্রিকেটের তরফে প্রকাশিত বিবৃতিতে হাসারঙ্গার সিদ্ধান্তের কারণ যে সাদা বলের ক্রিকেট কেরিয়ার দীর্ঘায়িত করতে, সেটাই স্পষ্ট করা হয়েছে।

যদিও চোটের কারণে দীর্ঘদিন বাইরে থাকার মতো ঘটনা হাসারঙ্গার কেরিয়ারে এখনও অবধি নেই। অল্প বয়সে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন থিসারা পেরেরা, তখন তাঁকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের কথা বলেছিল শ্রীলঙ্কা ক্রিকেট। যদিও হাসারঙ্গার টেস্ট থেকে অবসরের ঘটনা বোর্ডের সঙ্গে কথা বলেই যে হয়েছে, ঘটনা পরম্পরায় তেমনই ইঙ্গিত।
৪৪টি প্রথম শ্রেণির উইকেটে ১০২ উইকেট রয়েছে হাসারঙ্গার। ব্যাট হাতে তিনটি শতরান ও ১৯টি অর্ধশতরান রয়েছে। দেশের হয়ে ৪৮টি একদিনের আন্তর্জাতিক ও ৫৮টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। আইপিএলে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বড় ভরসা। লঙ্কা প্রিমিয়ার লিগে তিনি বি-লাভ ক্যান্ডি দলকে নেতৃত্ব দিচ্ছেন। এশিয়া কাপ ও বিশ্বকাপ অভিযানেও তিনি শ্রীলঙ্কার তুরুপের তাস।












Click it and Unblock the Notifications