মাহি ১০০-এ ১০০ : অধিনায়ক হিসেবে ১০০ তম একদিনের ম্যাচ জয় ধোনির
মেলবোর্ন, ১৯ মার্চ : বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে দুরমুশ করল টিম ইন্ডিয়া। এবং একইসঙ্গে আর একটা অসাধারণ নজির গড়লেন 'ক্যাপ্টেন কুল'।
এদিনের জয় ভারত অধিনায়ক হিসাবে মহেন্দ্র সিং ধোনির মুকুটে নতুন পালক যোগ করল। অধিনায়ক হিসেবে ১০০ তম একদিনের ম্যাচ জিতলেন তিনি। ভারতের হয়ে মহম্মদ আজহারউদ্দিন ১৭৪ টি ম্যাচের মধ্যে ৯০ টি জিতেছিলেন। সেটাকে আগেই টপকে গিয়ে আজ আর একটা নয়া মাইলস্টোন তৈরি করলেন মাহি।

আজ ভারত ম্যাচ জিতল ১০৯ রানে। একইসঙ্গে ধোনি উঠে এলেন বিশ্বের তৃতীয় সফলতম অধিনায়কের স্থানে। এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার হ্যান্সি ক্রোনিয়েকে পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠলেন মাহি। এখন তাঁর সামনে শুধু অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন অধিনায়ক অ্যালান বর্ডার (১০৭) এবং রিকি পন্টিং (১৬৫)।
ভারতের সবচেয়ে সফল অধিনায়ক ধোনি ১৭৮ ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়ে ১০০ টি ম্যাচে জিতেছেন। তাঁর নেতৃত্বে ভারত হেরেছে ৬২ টি ম্যাচে, টাই হয়েছে ৪ ম্যাচ এবং ১১ ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে।
এদিনের জয়ের ফলে বিশ্বকাপে টানা ১১ টি ম্যাচ জেতা হয়ে গেল ধোনির। ২০১১ বিশ্বকাপে টানা ৪ ম্যাচ জিতে কাপ পকেটে পোরার পর এবার এখনও পর্যন্ত টানা ৭ ম্যাচ জেতা হল ভারতের।
২০০৭ সালে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব নেন মাহি। ২০০৭ টি-২০ বিশ্বকাপ, ২০১১ আইসিসি বিশ্বকাপ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন মহেন্দ্র সিং ধোনি।












Click it and Unblock the Notifications