বাইশ গজে আর দেখা যাবে না ডেল স্টেইনকে, বড় ঘোষণা কিংবদন্তি ফাস্ট বোলারের
ক্রিকেট মাঠে আর দেখা যাবে না ডেল স্টেইনকে, বড় ঘোষণা প্রোটিয়া ফাস্ট বোলারের
টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন আগেই। এবার বড় সিদ্ধান্ত নিয়েই নিলেন ডেল স্টেইন। সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার। মঙ্গলবার এক বিবৃতি লিখে এই বড় ঘোষণা করার পাশাপাশি স্মৃতির সরণী ধরে অনেকটা পিছনে হেঁটে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েছেন স্টেইন গান। মনে ব্যথা পেয়েছে ক্রিকেট মহল। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলারকে শুভেচ্ছা জানাতেও ভোলেননি ক্রিকেটার থেকে ক্রিকেট প্রেমীরা।

ডেল স্টেইনের অবসর
জল্পনা-কল্পনা চলছিল দীর্ঘদিন ধরে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা দলের নিয়মিত সদস্যপদও হারিয়েছিলেন ডেল স্টেইন। আইপিএলে দল পেলেও নিজেকে মেলে ধরতে ব্যর্থ হচ্ছিলেন। বাদ পড়ছিলেন বারবার। হয়তো সে কারণেই পাকাপাকিভাবে বাইশ গজকে বিদায় জানিয়েই ফেললেন প্রোটিয়া ফাস্ট বোলার। মঙ্গলবার এক বিবৃতি লিখে স্টেইন জানিয়েছেন, যে ক্রীড়াকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তাকে তিনি বিদায় জানাচ্ছেন। ক্রিকেটের কাছে তিনি কৃতজ্ঞ বলে জানিয়েছেন স্টেইন। ধন্যবাদ জানিয়েছেন পরিবার, সতীর্থ, সাংবাদিক এবং ফ্যানদের।

আবেগতাড়িত স্টেইন
বিদায়বেলায় আবেগতাড়িত হয়ে পড়েছেন ডেল স্টেইন। স্মৃতির সরণী বেয়ে পৌঁছে গিয়েছেন ২০ বছরের পুরনো সময়ে। জাতীয় দলের হয়ে ম্যাচ খেলা, অনুশীলন কর, জেতা-হারা, সতীর্থদের সঙ্গে খুনসুটি, ভ্রাতৃত্ব আজ ভীষণভাবে মনে পড়ছে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলারের। জানিয়েছেন যে গত ডিসেম্বর থেকেই তিনি এই বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য মানসিকভাবে তৈরি হচ্ছিলেন। এই চরম মুহুর্তের জন্য নিজের মনকে বোঝানো খুবই কঠিন কাজ ছিল বলেও জানিয়েছেন স্টেইন। তাঁর কথায়, অবশেষে তিনি নিজেকে বোঝাতে সক্ষম হন। এবার সামনের দিকে তাকানোই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন সদ্য প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার।

ডেল স্টেইনের কেরিয়ার
২০১৯ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ডেল স্টেইন। এরপর জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি টি২০ ও ওয়ান ডে ম্যাচ খেলতে দেখা গিয়েছিল। ইতিমধ্যে করোনা ভাইরাসে আটকে পড়ে ক্রিকেট। আটকে যায় স্টেইনের কেরিয়ারও। দেশের হয়ে ৯৩টি টেস্ট ম্যাচ খেলেছেন ডেল। ৪৩৯টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। টেস্টে পাঁচ ও তার বেশি উইকেট ২৬ বার নিয়েছেন কিংবদন্তি। ৫১ রান দিয়ে নেওয়া ৭ উইকেট টেস্টের এক ইনিংসে তাঁর সেরা বোলিং স্পেল। দেশের হয়ে ওয়ান ডে ও টি২০তে যথাক্রমে ১২৫ ও ৪৭টি ম্যাচ খেলে ১৯৬ ও ৬৪টি উইকেট নিয়েছেন স্টেইন। বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলারের মধ্যে গণ্য করা হয় দক্ষিণ আফ্রিকার সদ্য প্রাক্তন ফাস্ট বোলারকে।

ডেল স্টেইনের আইপিএল কেরিয়ার
২০০৮ সাল থেকে আইপিএল খেলছেন ডেল স্টেইন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ এবং গুজরাত লায়ন্সের জার্সিতে মোট ৯৫টি ম্যাচ খেলেছেন দক্ষিণ আফ্রিকার সদ্য প্রাক্তন ফাস্ট বোলার। আইপিএলে মোট ৯৭টি উইকেট নিয়েছেন স্টেইন। একই সঙ্গে বিগ বাশ, পকিস্তান সুপার লিগ, ক্যারিবিয়া প্রিমিয়ার লিগের মতো জনপ্রিয় টুর্নামেন্টেও চুটিয়ে খেলতে দেখা গিয়েছে প্রাক্তন প্রোটিয়া ফাস্ট বোলারকে।












Click it and Unblock the Notifications