SA vs IND: ভারতের লক্ষ্য ৩-১ ব্যবধানে সিরিজ জয়, সমতা ফেরাতে মরিয়া দক্ষিণ আফ্রিকা, কাল বৃষ্টি ভিলেন হবে?
SA vs IND: কাল জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩-১ ব্যবধানে সিরিজ জয়ের লক্ষ্যে নামবে ভারত। দেশের মাটিতে সিরিজ হার ঠেকাতে মরিয়া দক্ষিণ আফ্রিকা।
ফলে ওয়ান্ডারার্সে জমজমাট দ্বৈরথেরই সম্ভাবনা রয়েছে। চাপে থাকবে প্রোটিয়ারাই। ভারতীয় দল সিরিজ হারের আশঙ্কা না থাকায় রিজার্ভ বেঞ্চের কাউকে সুযোগ দিতেই পারে।

ওয়ান্ডারার্সে গত বছর দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় টি২০ আন্তর্জাতিকে হারিয়েছিল ভারত। সূর্যকুমার যাদবের ৫৬ বলে ১০০ ভারতকে পৌঁছে দিয়েছিল ৭ উইকেটে ২০১ রানে। কুলদীপ যাদব ২.৫ ওভারে ১৭ ওভারে পাঁচ উইকেট নেওয়ায় প্রোটিয়ারা থেমেছিল ১৩.৫ ওভারে ৯৫ রানে।
২০১২ সালের পর এই মাঠে ২টি টি২০ আন্তর্জাতিক খেলে দুটিতেই প্রোটিয়া বধ সেরেছে ভারত। ২০০৬ সালে এখানে ভারত প্রথমবার প্রোটিয়াদের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিক খেলেছিল, তাতেও জিতেছিল ৬ উইকেটে। ২০০৭ সালের টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হারলেও এই মাঠেই পাকিস্তানকে হারিয়ে টি২০ বিশ্বকাপ খেতাব জিতেছিল ধোনির ভারত।
ফলে ভারত ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ৬টি টি২০ আন্তর্জাতিকে ৪টিতে জিতেছে, হেরেছে ২টিতে। ২০১২ সালে প্রোটিয়াদের কাছে এখানে শেষবার পরাস্ত হয়েছিল মেন ইন ব্লু। দক্ষিণ আফ্রিকা এই মাঠে ২৫টি ম্যাচে ১৪টিতে জিতেছে, হেরেছে ১১টিতে।
টি২০ বিশ্বকাপ জেতার পর ভারত জিম্বাবোয়ে ও শ্রীলঙ্কায় গিয়ে টি২০ সিরিজ জিতেছে। দেশের মাটিতে হারিয়েছে বাংলাদেশকে। চার ম্যাচের সিরিজে সূর্যকুমার যাদবের দল আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে। কাল আরও একটি সিরিজ জয় নিশ্চিত করতে চাইছে ভারত।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, টসের আধ ঘণ্টা আগে বৃষ্টি হতে পারে। তবে তা বেশিক্ষণ চলবে না। ফলে পুরো ম্যাচ হতে অসুবিধা হওয়ার কথা নয়। দক্ষিণ আফ্রিকার একটাই লক্ষ্য, সিরিজ হার বাঁচানো। যদিও টি২০ আন্তর্জাতিকে টানা আটটি দ্বিপাক্ষিক সিরিজ জয় অধরাই থাকছে প্রোটিয়াদের। তবু এইডেন মার্করামরা ২-২ রাখতে চাইবেন এই সিরিজ।
ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল রামনদীপ সিংয়ের। ভারত উইনিং কম্বিনেশই ধরে রাখতে পারে। যদি না, যশ দয়াল বা বিজয়কুমার ভাইশাকের মধ্যে কারও অভিষেক ঘটানো হয়। তবে কাকে বাদ দিয়ে এই প্লেয়ারদের একজনকে আনা যায় সেটাই বড় প্রশ্ন।
দক্ষিণ আফ্রিকা দলে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। লুথো সিমপালার জায়গায় একাদশে ফেরানো হতে পারে নকুয়াবা পিটারকে। পিটার জোহানেসবার্গেরই প্লেয়ার বলে তাঁকে খেলানো হতে পারে।
ভারতের সম্ভাব্য একাদশ- সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, রামনদীপ সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ- রায়ান রিকেলটন, রিজা হেন্ডরিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, আন্ডিল সিমেলেন, কেশব মহারাজ, লুথো সিমপালা বা নকুয়াবা পিটার।












Click it and Unblock the Notifications