SA vs IND: সেঞ্চুরিয়নে পেস সহায়ক পিচে তৃতীয় টি২০ আন্তর্জাতিক, ভারত ও দক্ষিণ আফ্রিকার একাদশ কেমন হবে?
SA vs IND: কাল সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে তৃতীয় টি২০ আন্তর্জাতিকে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। দুই দলই পূর্ণশক্তি নিয়ে খেলছে না। সিরিজ আপাতত ১-১।
কালকের দ্বৈরথ হবে পেস সহায়ক উইকেটে। বাউন্সি পিচের সঙ্গেই ভূপৃষ্ঠ থেকে সেঞ্চুরিয়নের উচ্চতার চ্যালেঞ্জ সামলাতে হবে সূর্যকুমার যাদবের দলকে। খেলা ভারতীয় সময় রাত সাড়ে ৮টা থেকে।

জসপ্রীত বুমরাহর সঙ্গে ম্যাচে বোলিং করার অভিজ্ঞতা থেকেই তিনি সমৃদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন অর্শদীপ সিং। কাল আর একটি উইকেট পেলেই তিনি টি২০ আন্তর্জাতিক সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় বুমরাহকে টপকে ধরে ফেলবেন ভুবনেশ্বর কুমারকে।
বুমরাহ এই সিরিজে খেলছেন না। অর্শদীপের মতো তাঁর রয়েছে ৮৯টি টি২০ আন্তর্জাতিক শিকার, ভুবির ৯০টি। অর্শদীপের কথায়, জস্সি ভাই (জসপ্রীত বুমরাহ) বোলিং পার্টনার হিসেবে আমার সুবিধা করে দেন উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষ ব্যাটারের উপর চাপ তৈরি করে। ফলে বেশিরভাগ কৃতিত্বটাই তাঁর।
অর্শদীপ আরও বলেন, আমার লক্ষ্য থাকে পরিবেশ ও ম্যাচের পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া। সেইসঙ্গে ব্যাটারদের বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব নিয়ে দ্রুত উইকেট তুলে নেওয়া। একইভাবে ডেথ ওভারেই কীভাবে ব্যাটারদের পরিকল্পনা রুখে দিয়ে ম্যাচে নিয়ন্ত্রণ রাখা যায় সেদিকেই ফোকাস রাখি।
দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো জানসেন জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে প্রত্যয়ী। তিনি বলেন, আমরা সকলেই হারতে ঘৃণা করি। প্রথম ম্য়াচে আমরা সেরাটা দিতে পারিনি। দ্বিতীয় ম্যাচে সকলে সর্বশক্তি নিয়ে জেতার জন্য ঝাঁপাই। টি২০-তে ২-৩ ওভারও গুরুত্বপূর্ণ। ফলে ছোট দ্বৈরথগুলিতেও এগিয়ে থাকা আমাদের লক্ষ্য ছিল।
দ্বিতীয় ম্যাচটি লো স্কোরিং দ্বৈরথ হয়েছে। তাতে ছোট ছোট লড়াইগুলি জেতার ফলেই জয় ছিনিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলেছে জানান জানসেন। সেঞ্চুরিয়নের পরিসংখ্যান অবশ্য বলছে হাই স্কোরিং ম্য়াচ হওয়ারই সম্ভাবনা রয়েছে। উইকেটে পেস ও বাউন্স থাকলেও। ব্যাটিং টিমের গড় এখানে ১০.৯০। উইকেটপিছু রানের গড় ৩৩.২৫।
বিজয়কুমার ভাইশাক, রামনদীপ সিং ও যশ দয়াল ভারতীয় টি২০ আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় রয়েছেন। কালকের ম্যাচে তাঁদের কাউকে সুযোগ দেওয়া হয় কিনা সেদিকে নজর থাকবে। অক্ষর প্যাটেল বেশি বোলিং করছেন না। কিন্তু ব্যাটিং গভীরতার জন্য তাঁকে বাইরে রাখাটাও ঝুঁকিপূর্ণ।
সিএসএ টি২০ চ্যালেঞ্জের ফাইনালে চার উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কার পাওয়া পেসার লুথো সিপামলাকে তৃতীয় ও চতুর্থ টি২০ আন্তর্জাতিক ম্যাচের জন্য দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তিনি আন্ডিল সিমেলেনের জায়গায় আসতে পারেন। কিংবা নকুয়াবা পিটারকেও বাইরে রাখা হতে পারে। ম্যাচের দিন ঝলমলে আবহাওয়া থাকবে।
ভারতের সম্ভাব্য একাদশ- সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, রবি বিষ্ণোই, আবেশ খান, বরুণ চক্রবর্তী।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ- রায়ান রিকেলটন, রিজা হেন্ডরিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), ডেভিড মিলার, মার্কো জানসেন, আন্ডিল সিমেলেন বা লুথো সিপামলা, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, নকুয়াবা পিটার।












Click it and Unblock the Notifications