SA vs IND: জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ভারত, দক্ষিণ আফ্রিকার সমতা ফেরানোর পথে চিন্তা বৃষ্টি

SA vs IND: কাল গকেবেরহা (পূর্বতন পোর্ট এলিজাবেথ)-য় সিরিজের দ্বিতীয় টি২০ আন্তর্জাতিকে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। কাল ভারত জিতলে অন্তত সিরিজ ড্র করা নিশ্চিত করে ফেলবে।

দক্ষিণ আফ্রিকাকে দেশের মাটিতে টি২০ সিরিজে বাকি তিনটি ম্যাচেই জিততে হবে। প্রথম ম্যাচে গতকাল টি২০ বিশ্বচ্যাম্পিয়নদের কাছে পর্যুদস্ত হওয়ার পর এইডেন মার্করামরা সমতা ফেরাতে মরিয়া।

SA vs IND

গকেবেরহার সেন্ট জর্জেস পার্কে দক্ষিণ আফ্রিকা চারটি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। যার মধ্যে ২০০৭ সালে একটিতে হেরেছিল। বাকি তিনটি ম্যাচেই জিতেছে প্রোটিয়ারা। গত বছর বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের বিরুদ্ধে রান তাড়া করে জিতেছিলেন মার্করামরা।

কাল ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে খেলা শুরু হবে। সেই সময় আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, কালকের ম্যাচেও খেলার ফলাফলে ব্যাঘাত ঘটাতে পারে বৃষ্টি। যে সময় ম্য়াচ হবে সেই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা ৫০ শতাংশের কাছাকাছি। দিনের তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছে, রাতে তা নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসে।

টি২০ বিশ্বকাপ জেতার পর ভারত জিম্বাবোয়ে সফরে গিয়ে প্রথম টি২০ আন্তর্জাতিকে হেরেছিল। তারপর টানা ৪টি ম্যাচ জেতে। এরপর শ্রীলঙ্কায় তিনটি, বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ও দক্ষিণ আফ্রিকায় ১টি ম্যাচে জিতেছে। ভারতের টি২০ দল তাই টানা ১১টি ম্যাচে জিতে কালকের ম্যাচ খেলতে নামবে।

চলতি বছর ভারত ২৩টি টি২০ আন্তর্জাতিক খেলেছে, জয় এসেছে ২২টিতে। এই সাফল্যের ধারাই বজায় রাখতে বদ্ধপরিকর মেন ইন ব্লু। গকেবেরহার পিচে বাউন্স ও ক্যারি বেশি থাকবে ডারবানের কিংসমিডের চেয়ে। ফলে ভারতীয় দলে পেসারের সংখ্যা বাড়ানো হতে পারে।

গতকালের ম্যাচে বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণোই তিনটি করে উইকেট নিয়েছিলেন। অক্ষর প্যাটেল ১ ওভার হাত ঘুরিয়ে ৮ রান দেন। জোরে বোলিংয়ের দায়িত্ব সামলেছিলেন অর্শদীপ সিং, আবেশ খান ও হার্দিক পাণ্ডিয়া।
কালকের ম্যাচে উইনিং কম্বিনেশন ভারত না ভাঙলে যশ দয়ালের সুযোগের অপেক্ষা বাড়বে। অলরাউন্ডার রামনদীপ সিংকে খেলালে ব্যাটিং গভীরতা যেমন ঠিক থাকবে, তেমনই বাড়বে জোরে বোলিংয়ের অপশন।

দক্ষিণ আফ্রিকার হয়ে গতকালের ম্যাচে নকুয়াবা পিটার নজর কাড়তে পারেননি। তাঁর জায়গায় দলে আসতে পারেন অটনিয়েল বার্টম্যান। তাতে প্রোটিয়াদের ফাস্ট-বোলিং আক্রমণ আরও শক্তিশালী হতে পারে। অসুস্থতার কারণে রিজা হেন্ডরিকস গতকাল খেলতে পারেননি। কালকের ম্যাচে তিনি দলে ফিরতে পারেন। সেক্ষেত্রে বাদ পড়বেন রায়ান রিকেলটন বা প্যাট্রিক ক্রুগার।

কালকের ম্যাচে হার্দিক পাণ্ডিয়া ও অর্শদীপ সিংয়ের সামনে জসপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমারকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে। ভুবি টি২০ আন্তর্জাতিকে ৯০টি উইকেট পেয়েছেন। বুমরাহর রয়েছে ৮৯ উইকেট। অর্শদীপ সিংয়ের ৮৮ ও হার্দিকের ৮৭ উইকেট রয়েছে টি২০ আন্তর্জাতিকে।

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে ভারত ১০টি টি২০ আন্তর্জাতিক খেলেছে। জয় এসেছে সাতটিতে, হারতে হয়েছে তিনটিতেই। এই রেকর্ড আরও উন্নত করতে চাইবেন সূর্যরা।

ভারতের সম্ভাব্য একাদশ- সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল বা রামনদীপ সিং, অর্শদীপ সিং, রবি বিষ্ণোই, আবেশ খান, বরুণ চক্রবর্তী।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ- রায়ান রিকেলটন (উইকেটকিপার), এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, প্যাট্রিক ক্রুগার, মার্কো জানসেন, আন্ডিল সিমেলেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, নকুয়াবা পিটার বা অটনিয়েল বার্টম্যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+