স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন দক্ষিণ আফ্রিকার স্পিনার! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের আনন্দ ফিকে
দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ গুরুতর চোট পেলেন জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে। উইকেট নেওয়ার পর সেলিব্রেট করতে গিয়ে মাঠেই পড়ে যান, বেরোতে হয় স্ট্রেচারে চেপে।
দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ২৮৪ রানে হারাল। তেম্বা বাভুমার দল সিরিজ জিতল ২-০ ব্যবধানে। যদিও উদ্বেগ বাড়ল কেশব মহারাজ গুরুতর চোট পাওয়ায়। উইকেটপ্রাপ্তির পর আনন্দ উদযাপন করতে গিয়েই চোট পান প্রোটিয়া স্পিনার। স্ট্রেচারে করে মাঠের বাইরে যেতে হয় তাঁকে।

আজ ছিল দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেটটি পড়েছিল ২১ রানে। সেখান থেকে ৩৪ রানে ছয় উইকেট হয়ে যায় ক্যারিবিয়ানদের স্কোর। ১৮.৫ ওভারে কাইল মেয়ার্স লেগ বিফোর হন। তার আগে রস্টন চেজকেও বোল্ড করেছিলেন মহারাজ। মেয়ার্সকে প্রথমে আউট দেননি আম্পায়াররা। বাভুমা ডিআরএসের দ্বারস্থ হয়ে রিভিউ নেন। যা দক্ষিণ আফ্রিকার পক্ষেই যায়। এরপরই চোট লাগে মহারাজের।
আম্পায়ার সিদ্ধান্ত বদলে মেয়ার্সকে আউট দিতেই এই উইকেট পাওয়াকে সেলিব্রেট করতে গিয়েছিলেন মহারাজ। তখনই হঠাই জোরালোভাবে মাটিতে পড়ে যান। মনে হয়েছে, গোড়ালির টেন্ডনে চোট লেগেছে। কিছুক্ষণ মাঠে শুশ্রূষা করা হলেও কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। চোট কতটা গুরুতর তা স্পষ্ট হবে এমআরআই স্ক্যানের রিপোর্ট আসার পরেই।
মহারাজ চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার আগেই চোট পেয়েছিলেন উইয়ান মুল্ডার। ফলে শেষ অবধি প্রোটিয়াদের খেলতে হয় তিন বিশেষজ্ঞ বোলার নিয়েই। অবশ্য ওয়েস্ট ইন্ডিজ ৩৫.১ ওভারে ১০৬ রানেই অল আউট হয়ে যায়। উইকেটকিপার জোসুয়া ডা সিলভা সর্বাধিক ৩৪ রান করেন। সাইমন হার্মার ও জেরাল্ড কোয়েটজি তিনটি করে এবং কাগিসো রাবাডা ও কেশব মহারাজ দুটি করে উইকেট দখল করেন। তেম্বা বাভুমা প্রথম ইনিংসে ২৮ ও দ্বিতীয় ইনিংসে ১৭২ রান করে ম্যাচের সেরার পুরস্কার পান। প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন এইডেন মার্করাম, তিনি এই সিরিজে ২৭৬ রান করেন।












Click it and Unblock the Notifications