SA vs IND: টেস্ট দলে প্রসিদ্ধের অভিষেক, জেনে নিন দুই দলের প্রথম একাদশে সুযোগ পেলেন কারা?
বৃষ্টির আশঙ্কা ম্যাচের আগে থেকেই ছিল। সেঞ্চুরিয়ানে টস শুরু হল নির্ধারিত সময়ের অনেকটা পরেই। মাঠের আউট ফিল্ড ভিজে থাকায় ম্যাচ নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি, ভারতীয় সময় দুপুর ১.৩০ মিনিটে মাঠ পরিদর্শনের পর টস করার সিদ্ধান্ত নেন।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন তেম্বা বাভুমা। টসে জিতে প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা বলেন, অবশ্যই আমরা প্রথমে বোলিং করতে চেয়েছিলাম, কারণ উইকেট ঢাকা ছিল। ফলে আর্দ্রতাকে কাজে লাগিয়ে দ্রুত বিপক্ষের উইকেট ফেলাই লক্ষ্য আমাদের।আমাদের ছেলেরা পুরোপুরি তৈরি। একমাত্র ব্যতিক্রম লুঙ্গি, কারণ ম্যাচ ফিট হতে পারেনি। দুইজনের অভিষেক হচ্ছে ডেভিড বেডিংহ্যাম এবং নান্দ্রে বুর্গার। আমরা চার পেসারে খেলব।

অন্যদিকে চোটের জন্য এই ম্যাচ থেকে ছিটকে গেলেন ভারতীয় অল রাউন্ডার জাদেজা। তাঁর পরিবর্তে খেলছেন অশ্বিন। টসের সময় রোহিত জানান সকালে পিঠের সমস্যা দেখা দিয়েছে জাদেজার। ফলে এই ম্যাচে সে খেলতে পারছেন না।
রোহিত বলেন, আমরা পরিস্থিতি সম্পর্কে বেশ সচেতন, আমরা কয়েকবার এখানে খেলেছি। আমাদের বোর্ডে রান যোগ করতে হবে এবং বোলাররা আমাদের জন্য কাজ করবে। প্রথমে ব্যাটিং অবশ্যই চ্যালেঞ্জিং। ছেলেরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। এই ম্যাচে প্রসিদ্ধের অভিষেক হচ্ছে।
বক্সিং ডে টেস্টে অভিষেখ হল প্রসিদ্ধ কৃষ্ণের। শামির পরিবর্তে মুকেশ কুমার নাকি প্রসিদ্ধ কৃষ্ণ কাকে খেলানো হবে তা নিয়ে চর্চা ছিল ম্যাচের দিন পর্যন্ত। তবে ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকারে কোচ রাহুল দ্রাবিড় প্রসিদ্ধের কথাই ঘোষণা করেন। টসের আগেই তাঁর হাতে ক্যাপ তুলে দেওয়া হয়। সীমিত ওভারের ক্রিকেটের পর এবার লাল বলের টেস্টেও জাতীয় দলে সুযোগ পেলেন প্রসিদ্ধ।
এখনও পর্যন্ত দুই দল মোট ৪২টি টেস্টে মুখোমুখি হয়েছে। এরমধ্যে ১৫বার জিতেছেন ভারত এবং ১৭ বার জিতেছেন দক্ষিণ আফ্রিকা। টিম ইন্ডিয়া হেরেছে ১৭ টেস্টে অন্যদিকে প্রোটিয়ারা হেরেছে ১৫ টেস্টে। ১০টি ম্যাচ ড্র হয়েছে। নিজের দেশে ভারত জিতেছে ১১ ম্যাচে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে ১২ ম্যাচে। দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত জিতেছে ৪ ম্যাচে। ভারতে এসে প্রোটিয়ারা জিতেছে ৫ ম্যাচে।
তিন দশকের বেশি সময় ধরে দুই দেশ একে অপরের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে। কিন্তু প্রোটিয়া ভূমিতে ভারতের টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। এবার সেই অধরা লক্ষ্যপূরণ করাই চ্যালেঞ্জ রোহিত শর্মার দলের।
ভারতের একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ।
দক্ষিণ আফ্রিকার একাদশ- ডিন এলগার, এইডেন মার্করাম, টনি ডি জর্জি, তেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম , কিগান পিটারসেন, কাইল ভেরেইন (উইকেটকিপার), মার্কো জানসেন, , জেরাল্ড কোয়েটজি, কাগিসো রাবাডা, নান্দ্রে বার্গার।












Click it and Unblock the Notifications