IND vs SA 2nd T20I: টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল দক্ষিণ আফ্রিকা, সতীর্থদের বিশেষ বার্তা সূর্যকুমারের
IND vs SA 2nd T20I: ডারবানে প্রথম টি ২০ আন্তর্জাতিক বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। আজ গেবেখায় দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে টস নির্ধারিত সময়ে হলেও তার কিছু আগেই ঝিরঝিরে বৃষ্টি হয়।
বৃষ্টির আশঙ্কা রয়েছে ম্যাচ চলাকালীন। টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারত তিন পেসার নিয়েই নামার সিদ্ধান্ত নিয়েছে।

ভারতীয় টি ২০ দলে এলেন শুভমান গিল। বলা হলো, ঋতুরাজ গায়কোয়াড় অসুস্থ। কিন্তু শ্রেয়স আইয়ার ও রবি বিষ্ণোইকে আজ খেলাচ্ছে না ভারত। যা বিশেষজ্ঞদের অবাক করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৭ বলে ৫৩ রান করে ছন্দে ফিরেছিলেন শ্রেয়স আইয়ার। রবি বিষ্ণোই বিশ্বের ১ নম্বর টি ২০ বোলার।
শ্রেয়সকে বাইরে রেখে ভারত খেলাচ্ছে তিলক বর্মাকে। স্পিন আক্রমণ সামলাবেন রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর আজ যে টস হলো এবং খেলা হবে তাতে খুশি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি বলেন, টস হেরে ব্যাট করতে হলেও কোনও সমস্যা হবে না। টস জিতলেই কী করণীয় তা বুঝতে সংশয় ছিল।
সূর্যকুমারের কথায়, প্রথমে ব্যাট করব, ভালোই লাগছে। যাঁরা এই ম্যাচটি খেলছেন সকলেই সুযোগের সদ্ব্যবহারের জন্য মুখিয়ে রয়েছেন। টি ২০ বিশ্বকাপ ৫-৬ মাস দূরে। সতীর্থদের বলেছি, উপভোগ করে খেলার জন্য। উল্লেখ্য, আজকের ম্যাচ নিয়ে টি ২০ বিশ্বকাপের আগে ভারত ও দক্ষিণ আফ্রিকার হাতে রয়েছে ৫টি টি ২০ আন্তর্জাতিক।
দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেটে নিজেকে প্রমাণ করার তাগিদ উপলব্ধি করছেন রিঙ্কু সিং। তিনি বলেছেন, বাউন্সি উইকেটে খেলা ভালোই হবে। ম্যাচ শুরুর অপেক্ষায় রয়েছি। আমি পেস পছন্দ করি, পেসকে কাজে লাগিয়ে ব্যাটিং করতে ভালোবাসি। সেটা আজ করতে পারলে ভালোই হবে। দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ সামলাতে প্রস্তুত।
পিচ যেহেতু দীর্ঘ সময় বৃষ্টির কারণে ঢাকা ছিল সেজন্যই টস জিতে ফিল্ডিং নেওয়ার কথা বলেছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। ভালো প্রস্তুতি থাকায় এই সিরিজে ভালো ফলের প্রত্যাশা করছেন মার্করাম। ভারত যেমন একাধিক তারকাকে বিশ্রাম দিয়েছে তেমনই সব ফরম্যাটে খেলা কয়েকজনকে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকাও।
ভারত- যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার।
দক্ষিণ আফ্রিকা- রিজা হেন্ডরিকস, ম্যাথু ব্রিটজকে, এইডেন মার্করাম (অধিনায়ক), হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, আন্ডিল ফেহলাকওয়াইও, জেরাল্ড কোয়েটজি, লিজাড উইলিয়ামস, তাবরেজ শামসি।












Click it and Unblock the Notifications