বিরাট টপকালেন সচিনকে! পার্লে প্রথম একদিনের আন্তর্জাতিকে দক্ষিণ আফ্রিকার কাছে পরাস্ত ভারত
পার্লে বোল্যান্ড পার্কে তিন ম্যাচের সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিকে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার দেওয়া ২৯৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত ৫০ ওভারে তোলে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান। শিখর ধাওয়ান ৭৯, বিরাট কোহলি ৫১ রান করার পর ৪৩ বলে ৫০ রানে অপরাজিত থাকেন শার্দুল ঠাকুর।
|
প্রোটিয়াদের জয়
২০১৩ সালের পর থেকে বোল্যান্ড পার্কে কখনও একদিনের আন্তর্জাতিক হারেনি দক্ষিণ আফ্রিকা। এদিন প্রোটিয়াদের জয়ের নেপথ্যে তেম্বা বাভুমার অসাধারণ অধিনায়কত্ব যেমন রয়েছে, তেমনই বল হাতে বোলাররাও অধিনায়কের আস্থার মর্যাদা দিয়েছেন। বিরাট কোহলি ও শিখর ধাওয়ান দ্বিতীয় উইকেট জুটিতে ৯২ রান যোগ করার পরও এই ম্যাচে হারতে হলো ভারতকে। ১৩৮ রানে দ্বিতীয় ও ১৫২ রানে তৃতীয় উইকেট পড়ার পর ভারত সপ্তম উইকেটটি হারায় ১৯৯ রানের মাথায়।
|
মিডল অর্ডার ডোবাল ভারতকে
শিখর ধাওয়ান ৮৪ বলে ৭৯ ও বিরাট কোহলি ৬৩ বলে ৫১ রান করেন। চারে নেমে ঋষভ পন্থ ১৬ রানের বেশি করতে পারেননি। বোলার আন্ডিল ফেহলাকওয়াইওয়ের সঙ্গে দারুণ বোঝাপড়া অটুট রেখে ক্ষিপ্রতার সঙ্গে পন্থকে স্টাম্প আউট করেন কুইন্টন ডি কক। শ্রেয়স আইয়ার ১৭ বলে ১৭ করেন। অভিষেক ম্যাচে ভেঙ্কটেশ আইয়ার ৭ বলে ২ রান করতে পারেননি। ৪২.২ ওভারে ভুবনেশ্বর কুমার আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ২১৪।
|
শার্দুলের অর্ধশতরানেও জয় অধরাই
এরপর শার্দুল ঠাকুর ও জসপ্রীত বুমরাহর জুটি ভাঙতে পারেননি প্রোটিয়া বোলাররা। শার্দুল ঠাকুর ৫টি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৩ বলে ৫০ রানে অপরাজিত থাকেন, এটি একদিনের আন্তর্জাতিকে তাঁর প্রথম অর্ধশতরান। বুনমরাহ ২৩ বলে ১৪ রান করেন। লুঙ্গি এনগিডি, তাবরেজ শামসি ও আন্ডিল ফেহলাকওয়াইও দুটি করে উইকেট দখল করেন। একটি করে উইকেট নেন কেশব মহারাজ ও এইডেন মার্করাম।
|
জোড়া শতরান
টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২৯৬ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। ৯টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৯৬ বলে ১২৯ রান অপরাজিত থেকে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রাসি ভ্যান ডার ডুসেন। ১৪৩ বলে ১১০ রান করেছেন অধিনায়ক তেম্বা বাভুমা। জসপ্রীত বুমরাহ দুটি ও রবিচন্দ্রন অশ্বিন একটি উইকেট নেন।

বিরাটের নজির
এদিকে, এদিনই বিদেশের মাটিতে একদিনের আন্তর্জাতিকে সর্বাধিক রানের নিরিখে সচিন তেন্ডুলকরকে টপকালেন বিরাট কোহলি। কেরিয়ারের ১০৪তম ইনিংসে ব্যাট করার সময় ৯ রান পূর্ণ করতেই বিদেশের মাটিতে একদিনের আন্তর্জাতিকে সচিনের করা ৫০৬৫ রানের নজির পেরিয়ে যান প্রাক্তন ভারত অধিনায়ক। বিদেশে একদিনের আন্তর্জাতিকে মহেন্দ্র সিং ধোনি ৪৫২০, রাহুল দ্রাবিড় ৩৯৯৮ ও সৌরভ গঙ্গোপাধ্যায় ৩৪৬৮ রান করেছেন। কোহলির ব্যাটিং গড় ৫৮-র উপর যা সকলের চেয়ে বেশি। প্রথম পাঁচ ভারতীয় ব্যাটারের মধ্যে ওয়ান ডে-তে সবচেয়ে বেশি ২০টি শতরানও কোহলি করেছেন বিদেশির মাটিতেই।












Click it and Unblock the Notifications