Dona Ganguly: হ্যাকারের হানা! ডোনা গঙ্গোপাধ্যায় ফের সমস্যায় ফেসবুক প্রোফাইল নিয়ে
Dona Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায়ের সহধর্মিণী তথা বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইল ফের হ্যাকড! আজ রাতেই এই ঘটনা ঘটেছে।
তাঁর ফেসবুক প্রোফাইলের ছবিও বদলে দিয়ে একের পর এক আপত্তিকর পোস্ট করছে হ্যাকার। আগেও ডোনার ফেসবুক প্রোফাইল হ্যাক হয়েছিল।

ডোনা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক পেজ আগেও হ্যাক হয়েছিল। কয়েক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিকও হয়ে গিয়েছিল। আজ রাতে আচমকাই বদলে যায় ডোনার পেজের প্রোফাইল পিকচার। যেখানে ভেসে ওঠে এক যুবকের মুখ। এরপর একের পর এক আপত্তিজনক পোস্ট আসতে থাকে।
তুরস্কের ভাষায় পোস্ট ভেসে উঠতে থাকে ডোনার প্রোফাইলে। প্রথম পোস্টের বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, বাগদাদের আন্তর্জাতিক সড়কে একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনার কারণে তোমাকে মিস করব বোন ডোনা। এরপর লেখা হয়, শান্তিতে ঘুমাও আমার বোন ডোনা। পবিত্র আত্মার শান্তি ও অনন্তকালে বিশ্রাম।
ফলে ডোনার ফলোয়ারদের বুঝতে অসুবিধা হয়নি যে পেজটি হ্যাক হয়েছে। ডোনার দীক্ষামঞ্জরীর শিক্ষার্থীরাও ওই পেজে গিয়ে লিখতে থাকেন হ্যাক হওয়ার কথা। কয়েকটি পোস্টের পর আপত্তিজনক কিছু ছবিও পোস্ট করা হয়। যা আবার কিছুক্ষণের মধ্যে ডিলিট হয়ে যায়।
ডোনার ছাত্রী তথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য সকলকে ফেসবুক বার্তায় লেখেন, ডোনা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইল হ্যাক হয়েছে। সকলে সতর্ক থাকুন। কোথা থেকে কে হ্যাক করল, তা বোঝা যাচ্ছে না এখনও পর্যন্ত। যদিও হ্যাকার একটি পোস্টে দাবি করেছে, ইরাক থেকে প্রোফাইলটি হ্যাক করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি আইপিএলে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের এক্স হ্যান্ডল হ্যাকারদের কবলে চলে গিয়েছিল। সেখানে ক্রিপ্টোকারেন্সির প্রচার চলছিল। কিছু সময় পর অবশ্য স্বাভাবিক পোস্টগুলি ফিরে আসে।
ডোনার যে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে সেটিতে ব্লু টিক রয়েছে। ডোনার ফ্রেন্ডলিস্টে থাকা ব্যক্তিদের কাছে আপত্তিকর ভিডিও ও ছবি পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সৌরভের আপ্ত সহায়ক। যা ডোনার ব্যক্তিগত ও পেশাদার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। অবিলম্বে যাতে পেজটি পূর্বাবস্থায় ফেরে এবং পেজে নিয়ন্ত্রণ ফেরানো সম্ভব হয় তার সুবন্দোবস্তের জন্য সাইবার ক্রাইমেও অভিযোগ জানানো হয়েছে। যদিও ফেসবুককে এখনও অবধি কিছু জানানো যায়নি বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications