অমিত শাহের সঙ্গে বৈঠকেই চূড়ান্ত হবে বিসিসিআইয়ের নয়া সভাপতি? দৌড়ে সৌরভ-সহ আর কারা?
বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি কে হবেন তার ইঙ্গিত মিলতে পারে শনিবারই। সেদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দিল্লির বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা।
বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থা থেকে যাঁরা প্রতিনিধিত্ব করবেন বলে নাম পাঠানো হয়েছে তাতে রয়েছেন আন্তর্জাতিক ম্যাচ খেলা তিনজন ক্রিকেটার- সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিং ও রঘুরাম ভাট।

বছর ৬৭-র রঘুরাম ভাট মাত্র ২টি টেস্ট ম্যাচ খেলেছেন। রজার বিনির নাম আগেরবার গিয়েছিল কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে। এবার কেএসসিএ পাঠিয়েছে রঘুরামের নাম। কিরণ মোরের নাম বোর্ড সভাপতির দৌড়ে থাকার কথা নানা মহল থেকে বলা হলেও এখনও অবধি কোনও রাজ্য ক্রিকেট সংস্থা তাঁর নাম পাঠায়নি। কাল চূড়ান্ত ইলেক্টোরাল রোল প্রকাশিত হবে। তার আগে যদি মোরের নাম তালিকায় ঢুকে পড়ে তাহলে মোরের পরবর্তী বোর্ড সভাপতি হওয়ার রাস্তা পরিষ্কার হয়ে যাবে।
সিএবির পরবর্তী সভাপতি হওয়া নিশ্চিত হয়ে গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনিই যাবেন বোর্ডের এজিএমে। বিসিসিআই চাইছে, প্রাক্তন খ্যাতনামা কোনও তারকাকেই সভাপতি করতে। সৌরভের পর হয়েছিলেন রজার বিনি। এবারও তেমনই কোনও প্রাক্তন ক্রিকেটারই বোর্ড সভাপতির সিংহাসনে বসতে পারেন। সৌরভ যেমন বাকিদের চেয়ে অনেক বেশি ম্যাচ খেলেছেন, দেশের অধিনায়কত্ব করেছেন, তেমনই বিসিসিআইয়ের সভাপতিও ছিলেন। দীর্ঘ সময় ধরে তিনি ক্রিকেট প্রশাসনে কাজ করেছেন। তাঁর সময়কালে বোর্ডে যেমন কোষাগার স্ফীত হয়েছে, তেমনই করোনাকালে সফলভাবে আইপিএলও হয়েছে।
হরভজন সিংয়ের নাম এসেছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে। তিনি আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ। তবে মনে করা হচ্ছে, সৌরভের নাম বোর্ড সভাপতির দৌড়ে থাকলে হরভজন লড়াই করবেন না। রজার বিনি বয়সের কারণে সরে দাঁড়ানোর পর বর্তমানে অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা। তিনিও সভাপতি হতে পারেন। কিন্তু বিভিন্ন ক্রীড়া সংস্থার নিয়ামক সংস্থায় যেমন খেলোয়াড়দেরই রাখা হচ্ছে এবং বিসিসিআই ইতিমধ্যেই সেই ধারা চালু করেছে অনেক আগে, ফলে রাজীব শুক্লার সভাপতি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
যদিও পরবর্তী বোর্ড সভাপতির নাম ঠিক করতে বিজেপির কিছু শীর্ষনেতার মতামত যে গুরুত্বপূর্ণ হতে চলেছে তা নিয়ে সংশয় নেই। ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগের মতোই এবারেও অমিত শাহর বাসভবনে একটি বৈঠক হবে। সেখানে ডাক পেতে পারেন হবু বিসিসিআই সভাপতি। থাকবেন বোর্ডের শীর্ষকর্তারাও। সেই বৈঠকটি হওয়ার কথা ২০ সেপ্টেম্বর। শনিবারের সেই বৈঠকে সৌরভ, হরভজন বা বাকিদের মধ্যে কে বা কারা ডাক পান তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে।












Click it and Unblock the Notifications