Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায় গভীর দুশ্চিন্তায়! ঠাকুরপুকুর থানার সাহায্য প্রার্থনায় দাদা, কারণটা কী?
Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায় গভীর দুশ্চিন্তায়। তিনি এতটাই উদ্বিগ্ন যে ঠাকুরপুকুর থানার সাহায্য প্রার্থনাও করতে হলো তাঁকে। গতকালই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মহারাজ।
সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায় অসুস্থ। তারই মধ্যে অত্যন্ত মূল্যবান বস্তুর সন্ধান না পাওয়া উদ্বেগে রাখছে প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতিকে।

সৌরভ গঙ্গোপাধ্যায় যে বস্তুটির সন্ধান পাচ্ছেন না তাতে ব্যক্তিগত নানা তথ্যের পাশাপাশি নানা অ্যাকাউন্টের যোগ রয়েছে। ১৯ জানুয়ারি সকাল সাড়ে ১১টা নাগাদ সেই বস্তুটিকে শেষবারের জন্য বাড়িতেই দেখেছিলেন। তারপর থেকে আর দেখতে পাচ্ছেন না। স্বাভাবিকভাবেই তা মহারাজের চিন্তা বাড়ায়।
বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও এরপর সেই বস্তুটির সন্ধান পাননি সৌরভ। এমন অভিজ্ঞতার সাক্ষী তাঁকে এর আগে হতে হয়নি বলেই জানা যাচ্ছে। তাও আবার নিজের বাড়িতে। অবশেষে অনেক চিন্তাভাবনার পর সৌরভ ঠাকুরপুকুর থানার দ্বারস্থ হয়েছেন। বেহালায় ২/৬, বীরেন রায় রোড ইস্টে মঙ্গলচণ্ডী ভবন এই থানার অধীনেই পড়ে।
সৌরভ ঠাকুরপুকুর থানায় যে অভিযোগ করেছেন তাতে লেখা হয়েছে, তাঁর মোবাইল ফোনটি খুঁজে পাচ্ছেন না। এটি তাঁর বাড়ি থেকেই হারিয়েছে বলে নিশ্চিত মহারাজ। মোবাইল ফোনটির মডেল- Xiaomi Mix Fold2। সাদা রংয়ের ফোনটির আইএমইআই ও সিম কার্ডের নম্বরটি দিয়েই অভিযোগ জানিয়েছেন সৌরভ।
সৌরভের যে মোবাইলটি চুরি গিয়েছে তার দাম ১ লক্ষ ৬ হাজার টাকার বেশি। ৫জি ফোনটিতে দুটি সিম রাখা যায়। ৫০, ১৩ ও ৮ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। ফ্রন্ট ক্যামেরা ২০ মেগাপিক্সেলের। ৮.০২ ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮+ জেন ১, অক্টাকোর, ৩.২ GHz প্রসেসের রয়েছে। ১২ জিবি RAM, ফোল্ডেবল ও ডুয়াল ডিসপ্লে রয়েছে।
সৌরভ পুলিশের কাছে আর্জি জানিয়েছেন, মোবাইলটি খুঁজে বের করার জন্য। যাতে এই ফোনে থাকা তথ্যের ভিত্তিতে কেউ কোনও দুষ্কর্ম করতে না পারে তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের আর্জিও জানিয়েছেন দাদা। তাঁর আশা দ্রুত পুলিশ যথাযথ পদক্ষেপ করতে পারবে। তাঁর কিছু করণীয় থাকলে তাও জানাতে পুলিশকে অনুরোধ করেছেন সৌরভ।
সামনের মাসেই শুরু আইপিএল। তার আগে এ মাসেই শুরু মহিলাদের প্রিমিয়ার লিগ। সৌরভ দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর। ক্যাপিটালসের দুটি দল খেলবে ডব্লুপিএল ও আইপিএলে। তার উপর একদিকে মায়ের অসুস্থতা, অন্যদিকে দাদাগিরির শ্যুটিং। সেই সঙ্গে অফিসের কাজকর্ম ও বাণিজ্যিক নানা সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজের চাপ। তারই মধ্যে মোবাইল খুইয়ে মহাচিন্তায় মহারাজ।












Click it and Unblock the Notifications