Sourav Ganguly: সৌরভ পাচ্ছেন মোহনবাগান রত্ন! ২৯ জুলাই সবুজ মেরুনে আর কোন চমক?
Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায় এ বছর পাচ্ছেন মোহনবাগান রত্ন পুরস্কার। এই ক্লাবের হয়ে ৯ বছর ক্রিকেট খেলেছেন মহারাজ। এবার তাঁকে ক্লাবের মোহনবাগান রত্নে ভূষিত করছে সবুজ মেরুন।
মোহনবাগান ক্লাবের ১২৫ বছর উদযাপন থেকে শুরু করে শিল্ড জয়ী অমর একাদশের মূর্তি প্রতিষ্ঠার অনুষ্ঠানে হাজির থেকেছেন, সংবর্ধিত হয়েছেন সৌরভ। তবে এবার মোহনবাগান রত্ন পুরস্কার নিশ্চিতভাবেই থাকবে সবার উপরে।

মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, এদিনের কর্মসমিতির বৈঠকে মোহনবাগান রত্ন বাছাই করতে সবচেয়ে কম সময় লেগেছে। সৌরভ গঙ্গোপাধ্যায় মোহনবাগানে খেলার সময়ই ভারতীয় দলে সুযোগ পান। তিনি কিংবদন্তি। ভারতের রত্ন সৌরভকে মোহনবাগান রত্ন দেওয়া হবে।
সৌরভ এখন লন্ডনে রয়েছেন। দেবাশিস দত্তের কথায়, সৌরভের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি সম্মতি দিয়েছেন নিজে হাজির থেকে এই পুরস্কার গ্রহণ করবেন। ১৯৩৯ সালে মোহনবাগানের প্রথম কলকাতা লিগ জয়ী দলের অধিনায়ক প্রয়াত বিমল মুখোপাধ্যায়কে মরণোত্তর জীবনকৃতী সম্মানে ভূষিত করা হবে।
এবার থেকে অবসরপ্রাপ্ত রেফারিদের পুরস্কার চালু করছে মোহনবাগান ক্লাব। বিতর্ক এড়াতে বর্তমান রেফারিদের জন্য পুরস্কার চালু করা হচ্ছে না। প্রতুল চক্রবর্তীর নামাঙ্কিত পুরস্কার পাবেন অবসরপ্রাপ্ত রেফারি দিলীপ সেন। বর্ষসেরা ফুটবলার হিসেবে শিবদাস ভাদুড়ির নামাঙ্কিত পুরস্কার পাবেন দিমিত্রি পেত্রাতস।
সেরা সমর্থকের পুরস্কার পাবেন বাপি মাঝি ও অজয় পাসওয়ান। বাপি দেশের নানা প্রান্তে মোহনবাগানকে সমর্থন করতে ছুটে যান। উত্তরপাড়ার টোটোচালক অজয় মাথায় নৌকা নিয়ে সবুজ-মেরুন পতাকা জড়িয়ে ক্লাবের দলকে সমর্থন করতে গ্যালারিতে হাজির থাকেন।
সেরা হকি প্লেয়ারের পুরস্কার পাচ্ছেন সৌরভ পাসিন। সেরা যুব ফুটবলারের পুরস্কার পাবেন সুহেল ভাট। সেরা ফরওয়ার্ড হিসেবে সুভাষ ভৌমিকের নামাঙ্কিত পুরস্কার পাবেন মনবীর সিং। সাংবাদিক হিসেবে এবার মতি নন্দীর নামাঙ্কিত পুরস্কার পাবেন দেবাশিস দত্ত। অঞ্জন মিত্রর নামাঙ্কিত সেরা ক্রীড়া প্রশাসকের পুরস্কার এবার পাচ্ছেন সাদার্ন সমিতির সৌরভ পাল।
বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন আভিলিন ঘোষ। ২৯ জুলাই থেকেই মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম দলের অনুশীলন শুরু হবে। ক্লাবে অমর একাদশের মূর্তিতে মাল্যদান হবে বেলা ১টায়। এরপর পতাকা উত্তোলন। আড়াইটে থেকে প্রাক্তন ফুটবলারদের ফুটবল ম্যাচ হবে।
সুব্রত ভট্টাচার্যকে এবারের মোহনবাগান দিবসে হাজির থাকার অনুরোধ করেছেন ক্লাব সচিব। আরও প্রাক্তনীরাও থাকবেন। সন্ধ্যা ৬টা থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৭টায় থাকছে অন্বেষার সংগীতানুষ্ঠান। রাজ্য সরকার একাদশ শ্রেণির ফিজিক্যাল এডুকেশনে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানের ইতিহাস পড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছেন মোহনবাগান ক্লাব।












Click it and Unblock the Notifications