Sourav Ganguly: ক্যানসারের চিকিৎসা নিয়ে চিন্তা? মানবিক সৌরভই দরিদ্র রোগীদের মুশকিল আসান
Sourav Ganguly: ক্যানসার। কেউ এই রোগে আক্রান্ত হলেই মাথায় যেন বাজ পড়ে। একদিকে তো শারীরিক অবস্থার ক্রমাবনতির আশঙ্কা। অন্যদিকে, ধনে-প্রাণে শেষ হওয়ার চিন্তাও জাঁকিয়ে বসে।
ক্যানসারকে জয় করার নজির রয়েছে। তবে অনেকেই পারেন না ব্যয়বহুল চিকিৎসা করাতে। দরিদ্র ক্যানসার রোগীদের সাহায্যার্থে এবার এগিয়ে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

ইন্ডিয়ান ক্যানসার সোসাইটির সঙ্গে হাতে হাত মিলিয়ে এই কাজে নেমে পড়লেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। আগেও তিনি অনেককে ক্যানসার-সহ নানা চিকিৎসায় সহযোগিতা করেছেন নীরবে। প্রাকৃতিক দুর্যোগ বা করোনাকালে নানাভাবে মানুষের পাশে থেকেছেন।
এবার সৌরভ গঙ্গোপাধ্যায় দরিদ্র ক্যানসার রোগীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিলেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ক্রিকেটের মাঠে হোক বা বাইরে, স্বাস্থ্য ভালো রাখাটা খুব জরুরি। আনন্দ তখনই হয় যখন আপনি ও আপনার প্রিয়জনরা সুস্থ থাকেন।
সৌরভ আরও বলেন, মুখ, স্তন ও জরায়ুর ক্যানসার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে চিকিৎসা করা সম্ভব। গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্বাস্থ্যকর জীবনযাপন করা, নিয়মিত ব্যায়াম করা, তামাক সেবন ও ধূমপানের মতো বদ অভ্যাস থেকে দূরে থাকা। চিকিৎকের পরামর্শ নিন। সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং থাকুন ক্যানসার থেকে দু-কদম এগিয়ে।
এই ভিডিও শেয়ার করে সৌরভের আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য ফেসবুকে লিখেছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ক্যানসার সচেতনতা বৃদ্ধির কাজ চলছে দীর্ঘদিন ধরেই। যদি এমন কেউ থাকেন যিনি অর্থের কারণে ক্যানসারের চিকিৎসা করাতে পারছেন না, তিনি আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। তিনি যাতে সুচিকিৎসা পান তা নিশ্চিত করতে আমরাই ইন্ডিয়ান ক্যানসার সোসাইটির সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারি।












Click it and Unblock the Notifications