Sourav Ganguly: আইপিএল নিলামে থাকছেন সৌরভ? দিল্লি ক্যাপিটালসে তাঁর ভূমিকা কী হতে চলেছে?
Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিতে ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে ভূমিকা কিছুটা বদলাচ্ছে। আপাতত বছর দুয়েকের জন্য।
আইপিএল নিলামেও তিনি থাকবেন বলে দাবি করা হয়েছে ক্রিকবাজের প্রতিবেদনে। আজ জিএমআর গ্রুপ ও জেএসডব্লিউ গ্রুপ যৌথভাবে বিবৃতি দিয়ে গোটা বিষয়টি স্পষ্ট করে দিতে পারে।

দিল্লি ক্যাপিটালসের মালিকানা এই দুই সংস্থার হাতেই রয়েছে। দুই সংস্থার মধ্যে চুক্তি অনুয়ায়ী স্থির হয়েছে, ২ বছর করে একেকটি সংস্থা ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে। ২০২৫ ও ২০২৬ সালের আইপিএলের দলের দায়িত্ব আপাতত সামলাবে জিএমআর।
সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিল্লি ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অব ক্রিকেট করেছিল পার্থ জিন্দালের জেএসডব্লিউ। ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, আইপিএলের জন্য ডিরেক্টর অব ক্রিকেট করা হচ্ছে বেণুগোপাল রাওকে। হেড কোচ হেমাঙ্গ বাদানি। তাঁরা জিএমআরের দুটি দলের দায়িত্বেও রয়েছেন।
সৌরভ গঙ্গোপাধ্যায় মহিলাদের প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালস ও প্রিটোরিয়া ক্যাপিটালসের দায়িত্ব সামলাবেন আপাতত ২ বছর। ডিরেক্টর অব ক্রিকেট হিসেবেই। ফের পার্থ জিন্দালের জেএসডব্লিউ যখন পুরুষ দলটির দায়িত্ব পাবে তখন ফের স্বমহিমায় ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে আইপিএলে ভূমিকা পালন করবেন মহারাজ।
আপাতত দিল্লি ক্যাপিটালসের মহিলা দলের যাবতীয় কিছু দেখভাল করবে জেএসডব্লিউ গ্রুপ। পুরুষ দলের দায়িত্ব তারা নেবে ২০২৭ সাল থেকে। সেই সময় থেকে আবার মহিলা দলের দায়িত্বে থাকবে জিএমআর। দুই সংস্থার মধ্যে চুক্তি হয়েছে যে, পুরুষ ও মহিলা দলের জন্য নিলাম, অধিনায়কত্ব, কাদের ধরে রাখা হবে, কাদের ছাড়া হবে সেই সব ব্যাপারে সিদ্ধান্ত নেবে দিল্লি ক্যাপিটালস বোর্ড, দুই সংস্থার সিনিয়র লিডারশিপদের মধ্যে আলোচনার মাধ্যমে।
জানা যাচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায় নিলামে উপস্থিত থাকবেন। রিয়াধে নভেম্বরের ২৪ ও ২৫ তারিখ নিলাম হবে বলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে। সেই নিলামে সৌরভের সঙ্গে থাকবেন পার্থ জিন্দাল। তবে আইপিএলের দল গঠনে সৌরভ কতটা সক্রিয় থাকবেন, কতটা প্রভাব বিস্তার করতে পারবেন বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁর মতামত আগামী ২ বছর কতটা গুরুত্ব পাবে সেটা স্পষ্ট নয় এখনও।
রিকি পন্টিংয়ের পর শুধু সৌরভই যে আইপিএলের দলের দায়িত্বে থাকছেন না তা নয়। সরিয়ে দেওয়া হলো দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ প্রবীণ আমরেকেও। ২০১৪ সাল থেকে আমরে এই দলের সহকারী কোচের পাশাপাশি প্রতিভা অন্বেষণের দায়িত্বে ছিলেন। সূত্রের খবর, দিল্লি ক্যাপিটালসে ঋষভ পন্থ থাকবেন কিনা সেই সিদ্ধান্ত নেবেন তিনিই। তবে তাঁকে নেতৃত্ব থেকে সরানো হতে পারে।












Click it and Unblock the Notifications