সৌরভ গঙ্গোপাধ্যায় ইডেনে নামছেন না! লেজেন্ডস লিগ ক্রিকেটে বড় ধাক্কা
সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফের ব্য়াট হাতে এবং অধিনায়ক হিসেবে দেখার প্রহর গুনছিলেন ক্রিকেটপ্রেমীরা। দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপনের অঙ্গ হিসেবে ইডেন গার্ডেন্সে ১৬ সেপ্টেম্বর লেজেন্ডস লিগ ক্রিকেটের উদ্বোধনের দিন আয়োজন করা হয়েছে চ্যারিটি ম্যাচ। তাতেই ইন্ডিয়া মহারাজাস দলের অধিনায়ক করা হয় সৌরভকে।

লেজেন্ডস লিগে নেই সৌরভ
সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য ব্যক্তিগত কারণ দেখিয়ে ওই প্রতিযোগিতায় না নামার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ঠিক কী কারণে তিনি এই সিদ্ধান্ত নিলেন তা স্পষ্ট নয়। সৌরভ বা টুর্নামেন্টের আয়োজকদের কেউই এই ব্যাপারে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য স্পষ্ট করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের লেজেন্ডস লিগ ক্রিকেটের আসর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের বিষয়টি। বিসিসিআই সভাপতির বাল্যবন্ধু সঞ্জয় দাস ওই ম্যাচটি খেলতে সৌরভকে রাজি করিয়েছিলেন। তিনিও লেজেন্ডস লিগ ক্রিকেটের সঙ্গে যুক্ত। সৌরভ ওই চ্যারিটি ম্য়াচ থেকে সরে দাঁড়ানোর পর সংবাদমাধ্যমে কিছু বলছেন না সঞ্জয় দাস নিজেও।

প্রস্তুতি চলছিল
উল্লেখ্য, সৌরভ গঙ্গোপাধ্যায় ইংল্যান্ডে থাকাকালীন জিমে নিজের শারীরিক কসরতের ছবি পোস্ট করে লিখেছিলেন লেজেন্ডস লিগ ক্রিকেট খেলার জন্য তিনি প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এমনকী সম্প্রতি কলকাতার এক অনুষ্ঠানেও তাঁকে বলা হয়েছিল, সৌরভ খেলছেন বলেই ম্যাচটিকে ঘিরে ক্রমবর্ধমান উন্মাদনার কথা। টিকিটের বিষয়েও অনেকেই খোঁজখবর নিতে শুরু করেছিলেন। সৌরভ জানিয়েছিলেন, দিন দুয়েক ব্যাটিং প্র্যাকটিস করেই মাঠে নামবেন। মজা করে তিনি এমনটাও বলেছিলেন, বল ব্যাটে লাগলে হয়! তবে ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় ছিলেন ইডেনে ফের দাদার ব্যাটে বাপি বাড়ি যা শট দেখার জন্য।

আচমকা সিদ্ধান্ত
সৌরভ গঙ্গোপাধ্যায়কে এশিয়া কাপ চলাকালীন দুবাইয়ে যেতে হবে। তবে তারই ফাঁকে তিনি লেজেন্ডস লিগ ক্রিকেটের জন্য নেটে ব্যাট হাতে নেমে পড়ার পরিকল্পনা করেছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে দল ঘোষণা করা হয়েছিল তাতে সৌরভের জমানার টিম ইন্ডিয়ার একঝাঁক সতীর্থ থাকায় নস্ট্যালজিয়ায় আচ্ছন্ন হতে শুরু করেন ক্রিকেটপ্রেমীরা। সৌরভ বাংলার হেড কোচ লক্ষ্মীরতন শুক্লাকেও বলেছিলেন, প্রয়োজনে বাংলা দলের অনুশীলনে নেমেও ওই চ্যারিটি ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করবেন। ইন্ডিয়া মহারাজাস ওই চ্যারিটি ম্যাচ খেলবে ইয়ন মর্গ্যানের নেতৃত্বাধীন ওয়ার্ল্ড জায়ান্টসের বিরুদ্ধে।

বড় ধাক্কা আয়োজকদের
তবে সৌরভ গঙ্গোপাধ্যায় সরে দাঁড়ানোয় নিশ্চিতভাবেই এক ঝটকায় ওই ম্যাচ ঘিরে আগ্রহ তলানিতে ঠেকবে। আয়োজকরা এখনও মরিয়া হয়ে সৌরভকে রাজি করানোর চেষ্টা চালাচ্ছেন বলেও জানা যাচ্ছে। যদিও সৌরভের অবস্থান বদলের ইঙ্গিত এখনও নেই। বোর্ড সভাপতি পদে থাকাকালীন এই ধরনের ম্য়াচ খেললে বিতর্ক হতে পারে সে কথা ভেবে, নাকি নিজের শারীরিক অবস্থার কথা ভেবেই সৌরভ মাঠে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত থেকে পিছু হঠলেন তা স্পষ্ট নয়। সৌরভ বা আয়োজকরা এই বিষয়ে কখন কীভাবে আলোকপাত করেন সেদিকেই তাকিয়ে সকলে।












Click it and Unblock the Notifications