মহারাজকীয় প্রত্যাবর্তন, বিশ্ব টেস্ট ফাইনালে বিরাটদের খেলার বিশ্লেষক দাদা
কমেন্ট্রি বক্সে মহারাজের প্রত্যাবর্তন। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ধারাভাষ্যকারের ভূমিকায় ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ড প্রশাসনের কাজে যুক্ত থাকার জন্য মাঝে কয়েক বছর টিভিতে শোনা যায়নি প্রিন্স অফ ক্যালকাটার ভয়েস। কিন্ত টেস্ট ফাইনালের মেগা ম্যাচকেই প্রত্যাবর্তনের জন্য বেছে নিলেন দাদা।
বিশ্ব টেস্ট ফাইনালে হিন্দিতে কমেন্ট্রি করতে দেখা যাবে সৌরভকে। দাদার টিমের বাকি সদস্যরা হলেন হরভজন সিং, শান্তাকুমারন শ্রীসন্থ ও দীপ দাশগুপ্ত। হিন্দির পাশাপাশি ইংরেজিতে কমেন্ট্রি করবেন রবি শাস্ত্রী, হর্ষ ভোগলে, নাসির হুসেইন, দীনেশ কার্তিক, রিকি পন্টিং, ম্যাথু হেডেন, জাস্টিন ল্যাঙ্গার, কুমার সঙ্গকারা।

শুক্রবার দিনই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন মহারাজ। সৌরভের সঙ্গে যাচ্ছেন স্ত্রী ডোনাও। আগামী দুই সপ্তাহ ইংল্যান্ডে থাকবেন সৌরভ। জুন মাসের মধ্যবর্তী সময়ে ভারতে ফেরার কথা মহারাজের। সানা বর্তমানে পড়াশুনার জন্য ইংল্যান্ডে রয়েছেন। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ধারাভাষ্যকার হিসাবে কাজ করার পাশাপাশি পরিবারের সঙ্গেও সময় কাটাবেন প্রাক্তন ভারত অধিনায়ক।
আইপিএলে দিল্লি পর্ব মিটিয়ে মাঝে কয়েকদিনের জন্য কলকাতায় ফিরেছিলেন মহারাজ। আইপিএল ফাইনালে গুজরাত-সিএসকে ম্যাচে আহমেদাবাদে উপস্থিত ছিলেন রবিবার। তবে বৃষ্টির কারণে সেদিন খেলা হয়নি। রিজার্ভ ডে সোমবারে খেলা হলেও সেদিন নিজের ব্যক্তিগত কাজের জন্য উপস্থিত থাকতে পারেনি সৌরভ। শুটিং এর কাজে ব্যস্ত ছিলেন।

ভারতীয় দল থেকে অবসর নেওয়ার পর একটা সময় ধারাভাষ্যকার হিসাবেই প্রায়শই টিভির পর্দায় দেখা যেত মহারাজকে। কিন্তু ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে বসার পর থেকেই এই কাজে ছেদ পড়ে তাঁর। কিন্তু বর্তমানে বোর্ড প্রশাসনে নেই মহারাজ। ফলে ধারাভাষ্যকার সৌরভকে ফিরে পেতে চলেছেন তাঁর ভক্তরা।
সদ্য শেষ হওয়া আইপিএলে সৌরভ কোহলির ব্যাপক বিতর্কে জড়িয়েছিলেন। বিরাট কোহলির সঙ্গে হাত মেলাননি তিনি। যে ভিডিয়ো ভাইরাল হতেই তুমুল হইচই পড়ে যায়। এমনকি আইপিএলে গ্রুপ পর্বের পর তাঁর টুইটে কোহলির নাম না থাকা নিয়েও যথেষ্ট বিতর্ক তৈরি হয়।

এবার কিন্তু মাঠে খেলবেন কোহলি আর বুম হাতে তাঁর পারফরম্যান্সের বিশ্লেষণ করবেন মহারাজ। যা কিন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে অন্য মাত্রা দিতে চলেছে। আগামী ৭ জুন থেকে ওভালে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামতে চলেছে ভারত অস্ট্রেলিয়া। কমেন্ট্রি বক্সে মহারাজের থাকা কিন্ত ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য আলাদা আর্কষণ হতে চলেছে।












Click it and Unblock the Notifications